সরে দাঁড়ালেন ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডনসহ নিজের সর্বশেষ তিনটি টুর্নামেন্টেই হেরেছেন র‌্যাঙ্কিংয়ে ৫০-এর নিচে থাকা খেলোয়াড়ের কাছে। এ অবস্থায় দুঃসময়কে পেছনে ফেলতে তাঁর কোমর বেঁধেই কোর্টে নামার কথা। উল্টো আগামীকাল থেকে শুরু রজার্স কাপ থেকে সরে দাঁড়ালেন রজার ফেদেরার। তবে ঠিক কী কারণে মন্ট্রিয়লের এই টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন, সে সম্পর্কে কিছুই জানাননি। যদিও কিছুদিন থেকেই পিঠের ব্যথার কথা বলে আসছিলেন ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক।
উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে ফেদেরার অপ্রত্যাশিতভাবে হেরে যান ১১৬ নম্বর খেলোয়াড় সের্গেই স্তাখোভস্কির কাছে। এরপর হামবুর্গে হারেন ১১৪ র‌্যাঙ্কধারী ফেদেরিক দেলবোনিসের কাছে। সর্বশেষ ঘরের টুর্নামেন্ট সুইস ওপেনে তাঁকে হারিয়েছেন ৫৫তম ড্যানিয়েল ব্র্যান্ডস। টানা এই ব্যর্থতায় নতুন করে উঠে গেছে প্রশ্ন, ফুরোল কি তাহলে ফেদেরারের দিন? যদিও কদিন আগে ফেদেরার সংবাদমাধ্যমের এসব বাঁকা মন্তব্য তীব্র ভলিতে উড়িয়ে দিয়ে দাবি করেছেন, এখনো অনেক টেনিসই তাঁর বাকি। কিন্তু বাস্তবের চিত্রটা যেন ‘দিন শেষের’ গানই গাইছে! সামনেই ইউএস ওপেন। সে জন্য নিজেকে প্রস্তুত করতে তাঁর মরিয়া থাকার কথা। অথচ আগামী বুধবার ৩২-এ পা দিতে যাওয়া ফেদেরার সরে দাঁড়ালেন কারণ ছাড়াই! ওয়েবসাইট।