সরে দাঁড়াচ্ছেন না দেল বস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালের ইউরো কাপ পর্যন্ত স্পেনের কোচের দায়িত্ব পালন করবেন ভিসেন্তে দেল বস্ক। ছবি: রয়টার্স
২০১৬ সালের ইউরো কাপ পর্যন্ত স্পেনের কোচের দায়িত্ব পালন করবেন ভিসেন্তে দেল বস্ক। ছবি: রয়টার্স

বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায়ের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ভিসেন্তে দেল বস্ক। ধারণা করা হয়েছিল যে, হয়তো লজ্জাজনক এই বিশ্বকাপ মিশনের পর সরেই দাঁড়াবেন স্পেনের অন্যতম সফল এই কোচ। কিন্তু শেষ পর্যন্ত তেমন নাটকীয় সিদ্ধান্ত নেননি দেল বস্ক। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি অনুযায়ী কোচের দায়িত্ব পালন করে যাবেন ২০১৬ সালের ইউরো কাপ পর্যন্ত।

২০০৮ সালে স্পেনের ইউরো কাপ জয়ের পরপরই কোচের দায়িত্ব নিয়েছিলেন দেল বস্ক। এরপর তাঁর হাত ধরেই সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছেছিল স্প্যানিশ ফুটবল। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর ২০১২ সালের ইউরো কাপের শিরোপাও উঠেছিল স্প্যানিশ ফুটবলারদের হাতে। কিন্তু এবারের ব্রাজিল বিশ্বকাপে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে স্পেন। হল্যান্ডের কাছে ৫-১ গোলে ও চিলির কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকেই। কিন্তু মাত্র দুটি ম্যাচের জন্য যে বিগত ছয় বছরের অনেক অর্জন-সাফল্য ম্লান হয়ে যাবে না—সেটাই সবাইকে মনে করিয়ে দিয়েছেন দেল বস্ক। কোচের পদ ছাড়ছেন না জানিয়ে তিনি বলেছেন, ‘আমি ফেডারেশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেলের সঙ্গে কথা বলেছি। আর আমার মনে হয়, আমরা একটা স্থিতিশীল ফেডারেশন। ছয় বছর ধরে আমরা যা অর্জন করেছি, সেটা মাত্র দুইটা ম্যাচের জন্য মুছে যাবে না। তারা আমার কাজের মূল্যায়ন করেছে। আর আমরা আগের মতোই এগিয়ে যাব।’

কোচের পদ থেকে যে সরে দাঁড়াবেন না, তেমন ইঙ্গিত অবশ্য বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পরপরই দিয়েছিলেন দেল বস্ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর তিনি বলেছিলেন, ‘আমাদের ফুটবলের জন্য যেটা ভালো হয়, আমরা তেমন সিদ্ধান্তই নেব।’— এএফপি