সরে দাঁড়াচ্ছেন শ্রীকান্ত!
ভারতীয় ক্রিকেটের প্রধান নির্বাচকের পদ থেকে কৃষ্ণমাচারি শ্রীকান্ত কি সরে দাঁড়াচ্ছেন? ইংল্যান্ডের মাঠে ভারতের নাকাল হওয়ার পর এই গুঞ্জন বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। শ্রীকান্তের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির তিন বছরের মেয়াদ এ মাসেই শেষ হয়ে যাচ্ছে। বিসিসিআই এই কমিটির মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিলেও এতে শ্রীকান্তের আগ্রহ নেই বলেই জানা গেছে।শ্রীকান্ত সরে দাঁড়ালে প্রধান নির্বাচক কে হবেন, এ নিয়েই এখন নতুন জল্পনা শুরু হয়েছে। জানা গেছে, সাবেক অলরাউন্ডার রজার বিনি শ্রীকান্তের উত্তরসূরি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন।নিজে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। তাঁর নির্বাচিত দলই এ বছর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে। কিন্তু তার পরও ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজে ৪-০-তে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রধান নির্বাচক হিসেবে তীব্র সমালোচনার সম্মুখীন হন শ্রীকান্ত। অনেকেই তাঁর দল নির্বাচন নীতিমালা নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরির কবলে পড়ায় সমালোচনাটা আরও বেশি করে বিদ্ধ করে সাবেক এই মারকুটে ব্যাটসম্যানকে। ইএসপিএন।