সরে দাঁড়াবেন কুক?
কিছুই বুঝতে পারছেন না অ্যালিস্টার কুক। অস্ট্রেলিয়ায় এসে টানা আট ম্যাচে হারতে হলো। ইংল্যান্ড অধিনায়ক ক্যারিয়ারেরই সবচেয়ে কঠিন সময় পার করছেন। চাপটা কি বেশিই অসহনীয় ঠেকছে? নইলে ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার আভাস দেবেন কেন!
কুক খোলাসা করেননি কিছুই। কিন্তু যা বলেছেন তাতে সেটিরই তো ইঙ্গিত, ‘দুই ম্যাচ পর আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। অনেক কিছু নিয়েই বসতে হবে আমাদের। আমার মনে হয় ইংলিশ ক্রিকেটে এখন একটা পরিবর্তন দরকার। গত দুই মাসে আমাদের যে রকম ক্রিকেট খেলার দরকার ছিল সেটা আমরা খেলতে পারিনি। আমাদের কারণটা খুঁজে দেখতে হবে।’
ইংল্যান্ডের এই অবস্থার জন্য নিজেকেও দায়ী করলেন, ‘আমি চাই না দলের জন্য বোঝা হয়ে দাঁড়াই। আমরা হেরেই চলেছি, আর আমি এটা থেকে উঠে আসার জন্য কিছু করতে পারছি না।’
২০১১ সালে অ্যান্ড্রু স্ট্রাউস থেকে ওয়ানডে দলের দায়িত্ব নিয়েছিলেন। এরপর শ্রীলঙ্কা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডে সিরিজ জিতেছেন ঘরের মাঠে। পাকিস্তান ও নিউজিল্যান্ডে গিয়েও জিতে এসেছেন। কে জানত, অস্ট্রেলিয়া সফরটা এমন অপয়া হয়ে দাঁড়াবে?
কিন্তু কুক যদি সত্যিই সরে দাঁড়ান, তাহলে দায়িত্বটা কে নেবেন? শোনা যাচ্ছে স্টুয়ার্ট ব্রড ও এউইন মরগানের নাম। দুজনেরই অভিজ্ঞতা আছে অধিনায়কত্বের। ব্রড টি-টোয়েন্টির অধিনায়ক, আর গত বছর কুক বিশ্রামে থাকার সময় মরগান অধিনায়কত্ব করেছেন ওয়ানডেতে। ওয়েবসাইট।