সরে দাঁড়াবেন না আলীম দার
ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলমান টেস্ট সিরিজে কয়েকটি ভুল সিদ্ধান্ত দিয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন আলীম দার। তবে একটি সিরিজে কয়েকটি ভুল করার জন্য আইসিসির এলিট প্যানেল থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন পাকিস্তানি এই আম্পায়ার।৪৪ বছর বয়সী আলীম জানান, যখন তাঁর মনে হবে যে আন্তর্জাতিক ক্রিকেটে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, তখনই কেবল সরে দাঁড়াবেন তিনি।‘প্রত্যেক আম্পায়ারেরই খারাপ সময় আসে এবং ভুল হয়। এটা সবার ক্ষেত্রে ঘটে। যেদিন মনে হবে যে আত্মবিশ্বাস নিয়ে ম্যাচের সিদ্ধান্ত দিতে পারছি না, সেদিনই কেবল এলিট প্যানেল থেকে সরে দাঁড়াব এবং আম্পায়ারিং থেকে অবসর নেব।’ জিও সুপার চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন আলীম দার।পাকিস্তানি এই আম্পায়ারের সবচেয়ে বেশি সমালোচনামুখর শেন ওয়ার্ন। আলীম দারকে ‘বাজে আম্পায়ার’ হিসেবে অভিহিত করে গত বুধবার এক টুইটার বার্তায় ওয়ার্ন বলেন, ‘যদি বাজে পারফরম্যান্সের কারণে খেলোয়াড়েরা দল থেকে বাদ পড়তে পারে, তাহলে আইসিসির উচিত আলীম দারকে এলিট প্যানেল থেকে বাদ দেওয়া।’ওয়ার্ন আরও বলেন, ‘আলীম দার ইংল্যান্ড-ভারত সিরিজে কমপক্ষে দুটো বাজে সিদ্ধান্ত দিয়েছেন। শুধু তা-ই নয়, বাজে সিদ্ধান্ত দেওয়া তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।’আলীম দার জানিয়েছেন, তিনি ওয়ার্নের ওই টুইট পড়ে দেখেননি এবং পড়াটাকে প্রয়োজন বলেও মনে করেন না। পাকিস্তানি এই আম্পায়ার বলেন, ‘ওয়ার্ন বড় মাপের একজন ক্রিকেটার। তিনি ব্যক্তিগত মতামত দিতেই পারেন। তবে তাঁর সমালোচনাটা আমি মন থেকে মেনে নিতে পারছি না। ম্যাচটা শেষ হয়ে গেছে। আমি নিজের পারফরম্যান্সের একটা বিশ্লেষণও করেছি। এখন পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষা করছি।’আইসিসির এলিট প্যানেল থেকে সরিয়ে দেওয়ার যে দাবি ওয়ার্ন তুলেছেন, এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি আলীম দার। তিনি বলেন, ‘আমার কিছু বলার বা করার নেই। অবসর নেওয়ার পর থেকে শেন ওয়ার্ন একজন গণমাধ্যম ব্যক্তিত্ব। তাঁর দায়িত্ব তিনি পালন করেছেন।’