সরে দাঁড়াবেন রাইট
নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আর থাকতে চান না কোচ জন রাইট। আগামী মাসে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে। সেই চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বোর্ড। কিন্তু রাইট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন করে তিনি আর চুক্তি করবেন না। কোচের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও এ খবর নিশ্চিত করেছে।ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, জন রাইটের এমন সিদ্ধান্তের কারণ, বোর্ডের ক্রিকেট পরিচালক জন বুকাননের সঙ্গে তাঁর দ্বন্দ্ব। সেটা স্বীকারও করে নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই উদ্বোধনী ব্যাটসম্যান। আজ মঙ্গলবার সাংবাদিকদের রাইট বলেন, ‘দল পর্যালোচনা করতে গিয়ে বর্তমান ক্রিকেট পরিচালক এবং আমি কিছু পরিকল্পনার ব্যাপারে একমত হয়েছি। কিন্তু বুকানন যেভাবে এসব বাস্তবায়ন করতে চান, তা আমার কোচিং পদ্ধতির সঙ্গে মেলে না। এটাও সরে দাঁড়ানোর একটা বড় কারণ।’আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেই কিউইদের সঙ্গে শেষবারের মতো কাজ করবেন রাইট। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত নয়টি টেস্টে অংশ নিয়েছে নিউজিল্যান্ড। এর মধ্যে তিনটিতে জয়, তিনটিতে হার এবং তিনটিতে ড্র করে নিউজিল্যান্ড। ১৯৮৫ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করে কিউইরা। গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তোলেন এই রাইট।রয়টার্স জানায়, বোর্ডকে দেওয়া এক বার্তায় রাইট বলেন, ‘চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়ায় আমি কৃতজ্ঞ। কিন্তু অনেক ভেবেচিন্তে আমার মনে হয়েছে, সড়ে দাঁড়ানোর এখনই সময়। সময় এসেছে অন্য কোথাও কাজ করার।’নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ডেভিড হোয়াইট জানিয়েছেন, রাইটের এই সিদ্ধান্তে তাঁরা মর্মাহত। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটকে দীর্ঘ সময় ধরে অসাধারণ সেবা দিয়েছেন রাইট। তাঁর মতো একজনকে হারানো আমাদের জন্য হতাশার।’নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রাইট টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৯ হাজারের বেশি রান সংগ্রহ করেন। ২০১০ সালের ডিসেম্বরে দলের কোচ নিযুক্ত হন তিনি। এর কয়েক মাস পর গত বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ার জন বুকাননকে চার বছরের চুক্তিতে ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ দেয় বোর্ড।