সরে দাঁড়ালেন কুম্বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের আগের তিনটি আসরে ৪৫ উইকেট নিয়েছেন। সংক্ষিপ্ত ঘরানার ক্রিকেটে তাঁর যোগ্যতা নিয়ে কারও কোনো সংশয়ও ছিল না। তার পরও এ বছর আইপিএলের চতুর্থ আসরে অংশ নিচ্ছেন না অনীল কুম্বলে। প্রাথমিক তালিকায় নাম থাকলেও ৮ ও ৯ জানুয়ারি অনুষ্ঠেয় নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই লেগ স্পিনার। বিসিসিআইকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ভারতের সর্বোচ্চ টেস্ট (৬১৯) ও ওয়ানডে (৩৩৭) উইকেটের মালিক। গত নভেম্বরে নিজ রাজ্য কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন কুম্বলে। ক্রিকেট প্রশাসনের একজন হয়ে আইপিএলে খেলবেন না বলেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন কুম্বলে। তবে নিজের হাতে গড়া আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। এএফপি।