সরে দাঁড়ালেন পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু অস্ট্রেলিয়ারই না, ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সফল অধিনায়কদের তালিকায় শীর্ষে আছেন রিকি পন্টিং। তার হাত ধরেই টানা দুবার বিশ্বকাপ শিরোপা উঠেছে অস্ট্রেলিয়ার ঘরে। তাঁর নেতৃত্বেই একসময় প্রবল বিক্রমে ক্রিকেট বিশ্ব শাসন করেছে অসিরা। কিন্তু সেই রিকি পন্টিংকেই কি না অধিনায়কত্ব ছেড়ে দিতে হলো একরাশ ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে। অ্যাশেজ ব্যর্থতা, বিশ্বকাপ ভরাডুবির পর অনেকটা চাপের মুখেই অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ‘পান্টার’। আর এর মধ্য দিয়েই শেষ হলো অস্ট্রেলিয়ার পন্টিং যুগ।বিশ্বকাপ মিশনে ব্যর্থ হলে পন্টিংকে যে সরে দাঁড়াতে হবে, এটা আগে থেকে অনুমান করা যাচ্ছিল। মিডিয়া-সমর্থকদের চরম সমালোচনা তো ছিলই। গতকাল পন্টিংকে তাঁর ভবিষ্যত্ নির্ধারণের সময় বেঁধে দিয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডও। অনেক সমালোচনা উপেক্ষা করে দীর্ঘদিন দলপতির আসনটা আঁকড়ে ধরে থাকলেও এবার সরে দাঁড়ানোটাই সময়োচিত কাজ বলে মনে করেছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। গতকাল সিডনিতে এক সংবাদ সম্মেলনে পন্টিং বলেছেন, ‘আমি অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আমার মনে হচ্ছে এ সিদ্ধান্তটা নেওয়ার এখনই সবচেয়ে ভালো সময়। অ্যাশেজ, বিশ্বকাপ সবকিছুই শেষ হয়ে গেছে। আমি এখন অস্ট্রেলিয়ার পরবর্তী অধিনায়কের জন্য সব রকম সম্ভাবনার দ্বার খুলে দিতে চাই। সামনে যেসব বড় প্রতিযোগিতায় আমরা অংশ নিতে যাচ্ছি, তার জন্য সে যেন ভালোভাবে প্রস্তুতি নিতে পারে, আমি সেই চেষ্টাই করব।’ তবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও ক্রিকেটটা আরও কিছুদিন খেলে যেতে চান পন্টিং। একজন অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে তাঁর এখনো অনেক কিছু দেওয়ার আছে বলেই মনে করছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলে জায়গা পাওয়ার আশা করছেন এ ডানহাতি ব্যাটসম্যান। তিনি বলেছেন, ‘আমি নির্বাচকদের খুব পরিষ্কারভাবেই জানিয়েছি যে দুই ধরনের ক্রিকেটই আমি খেলে যেতে চাই। কাজেই আশা করছি, তাঁরা আমাকে দলে অন্তর্ভুক্ত করবেন এবং আর কয়েক দিনের মধ্যেই আমি বাংলাদেশের উদ্দেশে রওনা দিতে পারব।’পন্টিংয়ের পর অধিনায়কের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা এখনো নিশ্চিত করে জানায়নি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। তবে ধারণা করা হচ্ছে, বর্তমান সহ-অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতেই আসবে নেতৃত্বের ভার।২০০২ সালে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের নেতৃত্বের ভার পেয়েছিলেন পন্টিং। ২০০৪ সালে পেয়েছিলেন টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব। স্টিভ ওয়াহর কাছ থেকে নেতৃত্বের ভার বুঝে নেওয়ার পর তিনি অধিনায়ক হিসেবে খেলেছেন ৭৭টি টেস্ট। জিতেছেন রেকর্ড ৪৮টি ম্যাচে। ২২৮টি ওয়ানডেতে অংশ নিয়ে ১৬৪টি ম্যাচেই মাঠ ছেড়েছেন বিজয়ীর বেশে। রয়টার্স।