সরে দাঁড়ালেন ভিলানোভা
লালাগ্রন্থির ক্যানসারে ভুগছেন বছর দুয়েক ধরে। চিকিৎসার জন্য নিউইয়র্কে ছিলেন বলে বার্সেলোনার কোচের দায়িত্ব পালন করতে পারেননি বেশ কয়েক মাস। তার পরও আশা ছিল, হয়তো নতুন মৌসুম শুরুর আগেই সুস্থ হয়ে ফিরে আসবেন টিটো ভিলানোভা। সেটা আর হচ্ছে না। স্প্যানিশ দৈনিক এল মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, অসুস্থতার কারণে শেষ পর্যন্ত বার্সার কোচের দায়িত্বই ছেড়ে দিলেন গার্দিওলার এই সাবেক সহকারী। কে হচ্ছেন ভিলানোভার উত্তরসূরি, তা কাল রাতেই সংবাদ সম্মেলনে জানানোর কথা ছিল ক্লাবটির। তবে কেন সংবাদ সম্মেলন ডাকা হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি ক্লাবটির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে। স্প্যানিশ গণমাধ্যম আগাম ধারণা করে রেখেছিল, ভিলানোভার বিদায়ের ঘোষণাই আসতে পারে এ সংবাদ সম্মেলন থেকে। সে ক্ষেত্রে শোনা যাচ্ছিল, বার্সার নতুন কোচ হতে পারেন ভিলানোভার সহকারী হোয়ান ফ্রান্সেস ফেরার সিসিলিয়া। গত মৌসুমে দ্বিতীয় বিভাগের দল জিরোনাকে হোয়ান ফ্রান্সেস ফেরার সিসিলিয়া অল্পের জন্য প্রথম বিভাগে তুলতে পারেননি। প্লে অফ ম্যাচে আলমেরিয়ার কাছে হেরে যায় জিরোনা। ফ্রান্সেস ফেরার সিসিলিয়ার পাশাপাশি আরও অনেক নামই উঠে এসেছে বার্সেলোনার সম্ভাব্য কোচের তালিকায়। আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকেরা তাঁদের তালিকায় রেখেছিলেন আন্দ্রে ভিলাস-বোয়াস ও ইয়ুপ হেইঙ্কেসের নামও। ২০১২ সালের জুনে পেপ গার্দিওলার বদলি হিসেবে বার্সেলোনার কোচের দায়িত্ব নেন ৪৪ বছর বয়সী ভিলানোভা। ওয়েবসাইট।