সরে দাঁড়ালেন মারউইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ বিশ্বকাপে হল্যান্ডকে নিয়ে গিয়েছিলেন নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় গৌরবের খুব কাছাকাছি। কিন্তু শেষ লড়াইটায় পারলেন না। স্পেনের কাছে পরাজয়ে অধরা বিশ্বকাপ ট্রফিটা হাতে তুলতে পারলেন না। হয়তো ফুটবল বিধাতাই লিখে রেখেছিলেন হল্যান্ড বা বার্ট ফন মারউইকের ব্যর্থতা। তবে দিন যত যাবে, ততই ফন মারউইক ডাচ জনতার কাছে ‘খলনায়ক’ হয়ে থাকবেন ডাচ ফুটবলদর্শনের ‘ঘাতক’ হিসেবে। ফাইনালে ও রকম ‘অ্যান্টি ফুটবল’ না খেললে হল্যান্ড হয়তো দক্ষিণ আফ্রিকাতেই বিশ্বকাপ জয় করে!রাইনাস মিশেলস, ইয়োহান ক্রুইফদের হাতে পরিপুষ্ট হল্যান্ডের আক্রমণাত্মক ফুটবলদর্শন মারউইক খুন করলেও তাঁর ওপরই আস্থা রেখেছিল হল্যান্ড। যদি তিনি ২০১২ ইউরোটা জেতাতে পারেন! বাছাইপর্বে সব কটি ম্যাচ জিতিয়ে সারা দেশকে জয়ের আশায় রাঙিয়েও দিয়েছিলেন মারউইক। অন্যতম ফেবারিট হয়েই ইউরোতে এসেছিল হল্যান্ড। কিন্তু বিদায় হলো প্রথম পর্বেই। বড় অগৌরবের সেই বিদায়, গ্রুপে তিনটি ম্যাচই হেরে গেল রোবেন-ফন ফার্সি-হান্টেলারদের মতো দুনিয়া-কাঁপানো ফুটবলারদের দল। এ অবস্থায় মারউইকের পরে হল্যান্ড আর আস্থা রাখতে পারত না। হল্যান্ড কোচের চাকরিটা ঝুলছিল সুতার ওপর। তাঁর বিদায়টা ছিল শুধু সময়ের ব্যাপার।পদত্যাগ করেছেন ফন মারউইক। গত বুধবার ডাচ ফুটবল ফেডারেশনের (কেএনভিবি) ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘বার্ট ফন মারউইকের উদ্যোগ থেকেই বুধবার কেএনভিবি এবং বার্ট ফন মারউইকের যৌথ সিদ্ধান্তে যে, কোচের চুক্তিটা শেষ করা হচ্ছে। তাৎক্ষণিকভাবেই এটি কার্যকর হচ্ছে।’২০০৮ সালে হল্যান্ড কোচের দায়িত্ব নেওয়া মারউইক ইউরো ব্যর্থতার জন্য নিজেকেই দায়ী করছেন, ‘ভীষণ একটা সংশয়ে ছিলাম, কিন্তু শেষে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিলাম।’ ডাচ ফুটবল ফেডারেশনের প্রধান বার্ট ফন ওস্তভিন অবশ্য বিদায়বেলায় মারউইকের প্রতি কৃতজ্ঞতাই জানিয়েছেন, ‘কেএনভিবি মারউইকের প্রতি কৃতজ্ঞ। বিশ্বকাপে তিনি দারুণই করেছিলেন। ফিফা র‌্যাঙ্কিংয়ে দলকে তিনিই এক নম্বরে তুলেছিলেন। ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে আমার বোঝাপড়াটা ভালোই ছিল। এভাবে আগেই শেষ হওয়াটা দুঃখজনক, কিন্তু আমাদের তো বাস্তববাদী হতেই হবে।’ মারউইক অধ্যায়ের অবসান হলো বটে, এবার এই ছন্নছাড়া ডাচ দলের হালটা কে ধরেন, সেদিকেই চোখ থাকবে সবার। এএফপি।