সরে দাঁড়ালেন শেন ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শেন ওয়াটসন। সহ-অধিনায়কের পদ ছেড়ে দিয়ে তিনি এই মুহূর্তে নিজের পারফরম্যান্সের দিকেই নজর দেবেন। ২০১১ সালে অসিদের সহ-অধিনায়কত্বের দায়িত্বটা কাঁধে বর্তানোর পর থেকে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্সটা যে বড্ড মলিন।সহ-অধিনায়কের পদ ছেড়ে দেওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় একে ‘দুরূহ একটি সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন ওয়াটসন। তিনি বলেন, ‘সিদ্ধান্তটি কঠিন হলেও তা নিয়ে আমি ভেবেছি ভারত সফর শেষ হওয়ার পরই। আমার মনে হয়, দলের স্বার্থে সিদ্ধান্তটি খুব একটা খারাপ কিছু হয়নি। এই মুহূর্তে নিজের ব্যাপারে ও দলে কিছু পরিবর্তন অত্যাবশ্যক।’টেস্ট ক্রিকেটে শেন ওয়াটসনের পারফরম্যান্স ও তাঁর সহ-অধিনায়কত্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা-সমালোচনা ও বিতর্কের ঝড় বইছিল অস্ট্রেলিয়াজুড়ে। ভারত সফরে তিনি ১৬.৫০ গড়ে রান করেছেন মাত্র ৯৯। কোচ মিকি আর্থারের সঙ্গে বিবাদে জড়িয়ে অন্য তিন ক্রিকেটারের সঙ্গে তিনি বহিষ্কৃতও হয়েছিলেন। দেশে ফিরে গিয়েছিলেন প্রথম সন্তানের জন্মমুহূর্তে উপস্থিত থাকার উদ্দেশ্যে। পরে আবার দলের সঙ্গে যোগ দিয়ে তিনি নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের চোটজনিত কারণে দিল্লির শেষ টেস্টে অসিদের নেতৃত্বও দিয়েছিলেন। ২০১১ সালে সহ-অধিনায়ক হওয়ার পর টেস্টে ব্যাট হাতে তাঁর সংগ্রহ মাত্র ৬২৭ রান, যার গড় মাত্র ২৪.১১। এমন একটি সময়ে দাঁড়িয়ে তিনি সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলীয় ক্রিকেট দলের সহ-অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার।‘এই মুহূর্তে আমার চাওয়া একজন দুর্দান্ত টেস্ট ক্রিকেটার হওয়া। সহ-অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে আমি আমার নিজের পারফরম্যান্সের প্রতি যত্নবান হতে পারব। আমি কেবল সহ-অধিনায়কের পদ আঁকড়ে রাখতে চাই না। আমি নিজের পারফরম্যান্স দিয়েই দলে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চাই।’ সহ-অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ানোর কারণ ওয়াটসন বর্ণনা করেছেন এভাবেই।সিদ্ধান্তটি নিতে কোচ মিকি আর্থার ও অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে তাঁর আলাপ হয়েছে বলে জানিয়েছেন ওয়াটসন। তিনি বলেন, ‘আমি আর্থার ও ক্লার্ককে ফোন করে সিদ্ধান্তের কথা জানিয়েছি। তাঁরা আমার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বলেছে, সিদ্ধান্তটি আমার নিজের ও দলের জন্য ভালো হবে।’ওয়াটসনের এই সিদ্ধান্তের ব্যাপারে অসি নির্বাচক জন ইনভারারিটি বলেন, ‘সিদ্ধান্তটি নেওয়া ওয়াটসনের জন্য কঠিন ব্যাপার ছিল। কিন্তু সে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে নিজের পারফরম্যান্স জাগিয়ে তুলতে।’ তিনি বলেন, ‘সহ-অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও সে এখনো অস্ট্রেলিয়া দলের একজন গুরুত্বপূর্ণ সিনিয়র খেলোয়াড়।’২০১১ সালের বিশ্বকাপের পর রিকি পন্টিং অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালে মাইকেল ক্লার্ককে অস্ট্রেলিয়ার অধিনায়ক করা হয়। ওই সময় শেন ওয়াটসনকে দায়িত্ব দেওয়া হয় সহ-অধিনায়কের। ক্লার্কের অনুপস্থিতিতে তিনি নয়টি ওয়ানডে ও একটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। ওয়ানডে অধিনায়ক হিসেবে অবশ্য ওয়াটসনের রেকর্ড দুর্দান্ত। তিনি নয়টি ম্যাচের পাঁচটিতেই অস্ট্রেলিয়াকে ফিরিয়েছেন বিজয়ীর বেশে। ক্রিকইনফো।