তাঁর পদত্যাগের দাবি উঠেছিল আগেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনেই পাকিস্তানের বিদায়ে যে অধিনায়কত্ব বাঁচাতে পারবেন না, সেটা ক্রমেই পরিষ্কার হয়ে উঠছিল। কিন্তু মোহাম্মদ হাফিজ পদত্যাগের দাবিটাকে দানা বাঁধতে দিলেন না। দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে নিজে থেকেই টি-টোয়েন্টির অধিনায়ত্ব ছেড়ে দিলেন হাফিজ।
গতকাল লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠকের পর হাফিজ সাংবাদিকদের বলেছেন, ‘দলের ব্যর্থতার পুরো দায়ই আমি মাথা পেতে নিচ্ছি।’ ২০১২ সালে মিসবাহ-উল-হক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ালে দায়িত্ব পান হাফিজ। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যায় পাকিস্তান। এবার তো সুপার টেনেই বিদায়, ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮৪ রানে হেরে। ফল, টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম সেমিফাইনালে উঠতে ব্যর্থ পাকিস্তান।
অলরাউন্ডার আবদুল রাজ্জাক তো দল দেশে ফেরার আগেই হাফিজের পদত্যাগ দাবি করে বসেন, ‘দলের ব্যর্থতার দায় হাফিজকেই নিতে হবে। কারণ সে তার পছন্দের খেলোয়াড়দের নিয়ে দল গড়ে টুর্নামেন্টে গেছে এবং মাঠে নামিয়েছে পছন্দের একাদশ।’ তবে কি সরে যেতে হাফিজের ওপর চাপ ছিল? হাফিজ স্পষ্টই বলেছেন, ‘কোনো চাপ ছিল না। আমি উপলব্ধি করতে পেরেছি অধিনায়ক হিসেবে ব্যর্থতার দায়দায়িত্ব কাঁধে নিয়ে আমার অবশ্যই সরে দাঁড়ানো উচিত।’ টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে হাফিজের উত্তরসূরি হচ্ছেন কে? ৩৩ বছর বয়সী হাফিজ বলেছেন, ‘দলের নেতৃত্ব কে দেবে, সেই সিদ্ধান্ত নেবে বোর্ড। তবে যেকোনো অধিনায়কের নেতৃত্বেই আমি খেলতে প্রস্তুত।’ এএফপি।