সরে যেতে হচ্ছে শ্রীনিবাসনকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এন শ্রীনিবাসন
এন শ্রীনিবাসন

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি থেকে আগামী জুলাইয়েই আইসিসির সভাপতির দায়িত্ব নেওয়ার কথা তাঁর। কিন্তু এন শ্রীনিবাসনের সেই স্বপ্নের সামনে বড় একটা প্রশ্নবোধক চিহ্নই যেন এসে দাঁড়াল। আইপিএলে ফিক্সিং কেলেঙ্কারির জেরে বিসিসিআইয়ের সভাপতির পদেই যে থাকা হচ্ছে না ক্রিকেট-বিশ্বের অমিত ক্ষমতাধর এই কর্মকর্তার! বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে তাঁকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
আইপিএলের ম্যাচ পাতানো কেলেঙ্কারি নিয়ে চলমান নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তাঁকে বিচারপতি এ কে পাটনায়েকের এই পরামর্শ। পরামর্শ না মেনে শ্রীনিবাসন যদি সরে না দাঁড়ান তাহলে আদালত আদেশই জারি করতে পারেন। তাঁর কথা, ‘বিসিসিআইয়ের সভাপতি সরে না দাঁড়ালে নিরপেক্ষ তদন্ত করা যাবে না। এটা খুবই বিব্রতকর ব্যাপার। যদি তিনি সরে না দাঁড়ান, তাহলে আমরা আদেশ জারি করব।’
চাপের মুখে গত জুনেই সভাপতির পদ থেকে সাময়িকভাবে সরে দাঁড়াতে বাধ্য হন শ্রীনিবাসন। কিন্তু ঠিকই দ্বিতীয় দফা বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন তিনি। পরে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে সভাপতির দায়িত্ব পালন করে যাওয়ার অনুমতি দেন। কিন্তু সাবেক বিচারপতি মুকুল মুডগালের নেতৃত্বাধীন তদন্ত কমিটি সুপ্রিম কোর্টে যে তদন্ত প্রতিবেদন পেশ করেছে, তাতে শ্রীনিবাসনের জামাতা ও আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের টিম প্রিন্সিপাল গুরুনাথ মায়াপ্পনই আইপিএল ফিক্সিং কেলেঙ্কারির হোতা হিসেবে চিহ্নিত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মায়াপ্পনই দলের তথ্য বাজিকরদের কাছে সরবরাহ করেছেন। তবে সেই তথ্য কী এবং কার কাছে সরবরাহ করেছেন, সেটি স্পষ্ট করা হয়নি।
এদিকে আইপিএলের স্বপ্নদ্রষ্টা ললিত মোদি এনেছেন বড় এক অভিযোগ। টুইটারে আইপিএলের সাবেক কমিশনার দাবি করেছেন, চ্যাম্পিয়নস লিগেও ম্যাচ পাতানো হয়েছে এবং সেই প্রমাণ তাঁর কাছে আছে। প্রমাণ থাকা সত্ত্বেও ব্যবস্থা না নেওয়ায় আইসিসি ও বিসিসিআইয়ের সমালোচনা করে মোদি হুমকি দিয়েছেন, আইসিসি এক সপ্তাহের মধ্যেই এটা প্রকাশ না করলে তিনিই তা ফাঁস করে দেবেন। ওয়েবসাইট।