সরেই গেলেন মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায় বলে ফেরার সিদ্ধান্ত আগেও একবার নিয়েছিলেন। অভিজ্ঞতাটা সুখকর ছিল না। খেলোয়াড়ি জীবনের সেই তিক্ত অভিজ্ঞতাই খালেদ মাহমুদকে পেছন থেকে টেনে ধরল এবার। দুই দিন চিন্তা-ভাবনার পর কাল সকালে পদত্যাগের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে দিলেন বোর্ডকে। কাগজে-কলমে আগামী ৪ অক্টোবর পর্যন্ত মাহমুদ বাংলাদেশ দলের সহকারী কোচ। তবে আজ থেকে ছুটিতে চলে যাওয়ায় সহকারী কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে কালই শেষ দিন কাটিয়েছেন সাবেক এই অধিনায়ক।গত ৪ সেপ্টেম্বর পদত্যাগপত্র জমা দেওয়ার পর বিসিবি একাধিকবার চেষ্টা করেছে মাহমুদের সিদ্ধান্ত বদলানোর। একপর্যায়ে মনে হয়েছে মাহমুদও মত বদলাতে পারেন। কিন্তু কাল সকালে টেলিফোনে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহমেদকে তিনি জানিয়ে দেন সিদ্ধান্তে অটল থাকার কথাই। এবার আর বোর্ড থেকেও কোনো অনুরোধ করা হয়নি মাহমুদকে। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন বলেছেন, ‘আমরা তাঁকে থেকে যেতে অনুরোধ করেছিলাম। অনুরোধ রাখা না-রাখা তাঁর ব্যাপার। সুজন (খালেদ মাহমুদ) আজ (গতকাল) সকালে সিইওকে বলেছে, সে আর ফিরতে চায় না। সিইও এখন তার রিলিজের ব্যবস্থা করবেন।’ বিকালে টেকনিক্যাল কমিটির সভায় মাহমুদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।মাহমুদ জানিয়েছিলেন, জেমি সিডন্সের অনুশীলন ক্যাম্পে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না বলেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। কালও সেই অভিমানের কথাই বললেন, ‘বোর্ড, কোচিং স্টাফ, খেলোয়াড়—সবার সমর্থন নিয়েই এত দিন কাজ করেছি। সবাই যথেষ্ট সমর্থন করেছে। তবে শেষ দিকে মন সায় দিচ্ছিল না। বলা হচ্ছিল আমার কোচিং দক্ষতা নেই। কোনো কাজও দেওয়া হচ্ছিল না। যদিও আমি এসব মানি না, তার পরও ভাবলাম আরও ভালো প্রস্তুতি নিয়েই হয়তো এই জায়গায় আসা দরকার।’মাহমুদের পরবর্তী গন্তব্য প্রিমিয়ার ক্রিকেট লিগের দল আবাহনী। জাতীয় দলের সহকারী কোচ থাকলে বিশ্বকাপের আগে আগে হয়তো আবাহনীর কোচের কাজ করাটা কঠিন হতো। মাহমুদের বিসিবির চাকরি ছেড়ে দেওয়ার এটাও একটা কারণ বলে গুঞ্জন। গতবার মোহামেডানের কোচ হিসেবে কাজ করার কথা থাকলেও বিসিবির চাকরির কারণে সেটা সম্ভব হয়নি। তা ছাড়া জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করলেও বিসিবিতে তাঁর নিয়োগ ছিল একাডেমি ম্যানেজার হিসেবে। সহকারী কোচের পদ থেকে সরে মাহমুদ সেই পদেও ফেরার ইচ্ছা পোষণ করতে পারতেন । আবাহনীর কোচ হওয়ার পথে সেটাও বাধা হতো বলেই নাকি তিনি বোর্ডের চাকরি ছাড়লেন। যদিও এ ব্যাপারে মাহমুদের বক্তব্য, ‘একাডেমির দায়িত্ব এখন অন্যদের দেওয়া হয়েছে। আমি ফিরতে চাইলে তাদের ডিস্টার্ব করা হতো। তা ছাড়া আপাতত আমার পক্ষে পুরোনো দায়িত্বে ফেরা সম্ভবও নয়।’কিন্তু দুই দিন সময় নিয়ে কেন পদত্যাগের সিদ্ধান্তেই অটল থাকলেন মাহমুদ? উত্তর দিতে গিয়ে অতীতে ফিরে গেলেন তিনি, ‘একবার চলে গিয়ে আবার ফিরলে কী হয়, সেটা খেলোয়াড়ি জীবনেই জেনেছি। অবসরের ঘোষণার পর বোর্ডের অনুরোধে ফিরে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। এ ছাড়া আত্মীয়স্বজন আর ঘনিষ্ঠরাও পদত্যাগের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তবে ভবিষ্যতে বোর্ড যদি চায়, আমি তাদের ডাকে অবশ্যই সাড়া দেব।’