সরেই দাঁড়ালেন হাম্মাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো। আলোচিত ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছেন সেপ ব্ল্যাটার। ফিফার নৈতিকতা কমিটির মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কাতারের মোহাম্মদ বিন হাম্মাম। আর হাম্মামের দাবিমতো জিজ্ঞাসাবাদ শেষে নৈতিকতা কমিটি কাল বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারকে নির্দোষ ঘোষণা করেছে। সেই সঙ্গে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে হাম্মাম ও ওয়ার্নারকে। এখন নির্বাচন হতে কোনো বাধা রইল না। তাই আগামী বুধবারের নির্বাচনে ব্ল্যাটারই এখন একমাত্র প্রার্থী। ফিফার জেনারেল সেক্রেটারি জেরোমে ভালকে নিশ্চিত করেছেন এটা। এর আগে গতকাল নির্বাচন থেকে হঠাৎই অপ্রত্যাশিতভাবে সরে দাঁড়িয়েছিলেন হাম্মাম। ৬২ বছর বয়সী সংগঠক এক বিবৃতিতে কাল বলেছেন, ‘আমি ফিফার প্রেসিডেন্ট হতে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমি ফিফায় পরিবর্তন আনতে চেয়েছিলাম এবং এখনো চাই। আমার লক্ষ্য ছিল পরিষ্কার—ফিফায় গণতন্ত্রের চর্চা বাড়ানো, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক ঘটনাপঞ্জি আমাকে পেশাদারি দিক থেকে এবং ব্যক্তিগতভাবে হতাশ করেছে। আমার এই বিশ্বাসগুলোর জন্য ফিফার ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো এত চড়া মূল্য দিতে হচ্ছে, ব্যাপারটায় আমি দুঃখ পেয়েছি। এ জন্যই আমি প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।’২০১৮ ও ২০২২ বিশ্বকাপের স্বাগতিক নির্বাচন-প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে কিছুদিন আগেই ফিফার নির্বাহী কমিটির দুজনকে বহিষ্কার করে নৈতিকতা কমিটি। এএফসির প্রধান হাম্মাম ও কনকাকাফ-প্রধান জ্যাক ওয়ার্নারের বিরুদ্ধে অভিযোগ, ফিফা নির্বাচনে হাম্মামকে ভোট দেওয়ার জন্য ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থাগুলোকে ১০ লাখ ডলার ঘুষ দিতে চেয়েছিলেন তাঁরা। এএফপি, রয়টার্স।