সরেই যাচ্ছেন ইউসুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু অসহ্য ঠেকছে মোহাম্মদ ইউসুফের কাছে। আর তাই সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া সফরের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড অনির্দিষ্টকালের জন্য যে নিষেধাজ্ঞা দিয়েছিল, একরকম তারই প্রতিবাদে সরে যাচ্ছেন।অস্ট্রেলিয়া সফরে নয়টি আন্তর্জাতিক ম্যাচেই হেরেছে পাকিস্তান। এর মধ্যে সাতটি পরাজয় (তিনটি টেস্ট, চারটি ওয়ানডে) ইউসুফের অধিনায়কত্বে। অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা অনুসন্ধানে গঠিত পিসিবি কমিটি দলে অন্তর্দ্বন্দ্ব আর বিশৃঙ্খলার জন্য ইউসুফের নেতৃত্বকেই দায়ী করেছিল। নিষেধাজ্ঞার পাশাপাশি এ বছরের জন্য বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতেও ঠাঁই হয়নি তাঁর।যখন কেউই নেতৃত্ব নিতে রাজি হচ্ছিলেন না, এমন সময় দলের ভার নেওয়ার বিনিময়ে এই প্রাপ্তি ইউসুফ কোনোমতেই মেনে নিতে পারছেন না বলে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কারণ না জানালেও বোর্ডের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়াই মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের একটি দৈনিককে ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান বলেছেন, ‘আমি ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আবেগের বশবর্তী হয়ে নয়। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার পরিবার, বন্ধু-স্বজন এবং বড়দের সঙ্গে কথা বলে নিয়েছি।’আবেগের প্রসঙ্গটি আসছে, কারণ এর আগেও দুবার অবসর নিয়ে নিয়েছিলেন। ফিরেও এসেছেন। এবার ‘আবেগ’ কাজ করছে না জানিয়ে হয়তো এই আভাসই দিতে চাইলেন, চাইলেও আর ফিরিয়ে আনা যাবে না তাঁকে। অবশ্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে আগামীকাল সব বিস্তারিতভাবে জানানোর কথা আছে তাঁর।শেষ পর্যন্ত এটাই তাঁর চূড়ান্ত অবসর হলে পাকিস্তানের ক্রিকেটের অন্যতম সফল এক ব্যাটসম্যানের যাত্রা শেষ হয়ে যাবে এখানেই। টেস্টে পাকিস্তানের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রানের (৭৪৩১) মালিক তিনি। ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ (৯৪৫৮)।আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাসখানেক আগে বর্তমান চ্যাম্পিয়নদের ঘিরে জন্ম নিচ্ছে একের পর এক নাটক। অবশ্য দলের নতুন কোচ ওয়াকার ইউনুস আশাবাদী, এসব ঘটনা পেছনে ফেলে এগিয়ে যাবে তাঁর দল। বিশেষ করে টি-টোয়েন্টিতে শহীদ আফ্রিদিকে অধিনায়ক করাকে বোর্ডের খুবই ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি, ‘আফ্রিদি এমন একজন অলরাউন্ডার যে সব সময়ই ইতিবাচক। দুই বছর ধরে দুর্দান্ত বোলিংও করছে সে। মাঠে তার উপস্থিতি খেলোয়াড়দের মধ্যে লড়াকু একটা মনোভাব তৈরি করে। আফ্রিদি, রাজ্জাক আর আকমল ভাইরা থাকায় আমরা শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী।’পিসিবিও খেলোয়াড়দের শিরোপা ধরে রাখার জন্য অনুপ্রাণিত করতে টি-টোয়েন্টির ম্যাচ ফি আর বোনাসের অঙ্ক বাড়িয়েছে। ‘এ’ শ্রেণীভুক্ত খেলোয়াড়দের ম্যাচ ফির পরিমাণ দেড় লাখ থেকে করা হয়েছে আড়াই লাখ রুপি। ‘বি’ শ্রেণীভুক্ত খেলোয়াড়দের এক লাখ থেকে বাড়িয়ে দুই লাখ এবং ‘সি’ শ্রেণীভুক্তদের ম্যাচ ফি ৭৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে দেড় লাখ রুপি।শুধু ম্যাচ ফি-ই নয়, পিসিবি বাড়িয়ে দিয়েছে জরিমানার অঙ্কও। কোনো খেলোয়াড় দলীয় শৃঙ্খলা বা নিয়ম অমান্য করলে আগের চেয়ে ১০ গুণ জরিমানা দিতে হবে। ওয়েবসাইট।