সর্প অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে কতশত ব্যাটসম্যানকে লেগ স্পিনের বিষে নীল করেছেন তার ইয়ত্তা নেই। এবার নিজেই যেন তেমন বিষের ‘স্বাদ’ পেতে চাইলেন শেন ওয়ার্ন। তবে কারও বোলিং নয়, যেচে সাপেরই কামড় খেয়েছেন অস্ট্রেলীয় কিংবদন্তি। অবশ্য বিষ ছিল না সাপটির। অস্ট্রেলিয়ান টিভি চ্যানেল নেটওয়ার্ক টেনের একটি অনুষ্ঠানের প্রচারণা পর্বে ঘটেছে এ ঘটনা। অনুষ্ঠানে কোনো তারকার যেটি নিয়ে ভয়, তাঁকে সেটিরই মুখোমুখি করা হয়। সাপকে ভয় ওয়ার্নের। তাঁকে চ্যালেঞ্জ জানানো হলো সাপভর্তি একটি বাক্সে মাথা ঢুকিয়ে দেওয়ার। ওয়ার্ন তা-ই করলেন। কোনো সাপেরই বিষ ছিল না, কিন্তু ঝামেলা বেধে গেল একটি অ্যানাকোন্ডাকে নিয়ে। প্রচণ্ড রাগী সরীসৃপটি ধাঁ করে কামড় বসিয়ে দিল ওয়ার্নের মাথায়। কিছু অবশ্য হয়নি, শুধু মাথায় দাগ বসেছে এই যা। প্রাথমিক চিকিৎসা নিয়েই ফিরে গেছেন ওয়ার্ন। ক্রিকেট অস্ট্রেলিয়া।