সর্বকনিষ্ঠ গোলদাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নিল অভিষেক! একে তো লা লিগায় অভিষেক ম্যাচেই গোল। আবার সেই গোলটি ঢুকে গেল ইতিহাসে। গোলদাতা মালাগার ১৬ বছর বয়সী ফ্যাব্রিস ওলিঙ্গা। লা লিগায় লিগে উঠে আসা সেল্টা ভিগোর বিপক্ষে শনিবার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন ৫৮ মিনিটে। ৮৪ মিনিটে তাঁর দেওয়া গোলেই জিতে যায় মালাগা। আর এই গোলটির সুবাদেই তিনি এখন লা লিগার সর্বকনিষ্ঠ গোলদাতা। ওই দিন তাঁর বয়স ছিল ১৬ বছর ৯৮ দিন। ওলিঙ্গার চেয়ে ১৯১ দিন বেশি বয়সে গোল করা অ্যাথলেটিক বিলবাওয়ের ইকার মুনিয়াইন ছিলেন আগের সর্বকনিষ্ঠ গোলদাতা। এএফপি।আরও ১০ বছরপেশাদার ফুটবলে ১০ বছর পূর্ণ হলো ওয়েইন রুনির। এভারটনের হয়ে টটেনহামের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁর অভিষেক হয়েছিল মাত্র ১৬ বছর বয়সে। এই ১০ বছরে অনেক কিছুই অর্জন করেছেন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চারটি লিগ জিতেছেন, জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। ব্যক্তিগত অনেক পুরস্কারও জিতেছেন। বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। কিন্তু এখানেই থেমে যেতে চান না, ডিফেন্ডারদের ওপর শাসনের ছড়ি ঘোরাতে চান আরও ১০ বছর। রুনির ভাষায়, ‘১০ বছর প্রিমিয়ার লিগে খেলতে পারাটা বড় ব্যাপার। উত্তেজক (ইংলিশ প্রিমিয়ার) লিগে অভিষেকের সময় আমি যে রোমাঞ্চ অনুভব করেছিলাম, এখনো সেটাই অনুভব করছি। সত্যি বলতে, আমি এখনো তরুণ। আগের মতোই তরুণ লাগছে নিজেকে। আশা করছি, আমি আরও ১০ বছর খেলতে পারব এবং প্রথম ১০ বছর যেভাবে উপভোগ করছি, সেভাবেই উপভোগ করতে পারব।’ এএফপি।সংয়ের চ্যালেঞ্জআর্সেনালের ক্যামেরুনিয়ান মিডফিল্ডার অ্যালেক্স সং এখন বার্সেলোনার। ১৯ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ২৪ বছর বয়সী এই ফুটবলার গত শনিবার যোগ দিয়েছেন বার্সায়। চুক্তি পাঁচ বছরের। বার্সায় যোগ দেওয়ার অর্থই ক্লাবের প্রথম একাদশে থাকার জন্য বিশ্বসেরা ফুটবলারদের সঙ্গে লড়াই করা। সত্যটা মেনেই গর্বিত সং লড়াইয়ের প্রত্যয় ঘোষণা করেছেন, ‘আমি বিশ্বসেরা দলে যোগ দিয়েছি। জানি, এই দলে অনেক তারকা রয়েছে। দলে জায়গা পেতে লড়াই করতে হবে আমাকে। আমার জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ।’বার্সা ছেড়ে যাওয়া মালিয়ান মিডফিল্ডার সেইডু কেইটার জায়গাতেই মূলত নেওয়া হয়েছে সংকে। রয়টার্স।