সর্বকালের অন্যতম সেরা রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামীদামি অনেক ফুটবলারকেই দেখেছেন পাওলো বেনতো। ফুটবল-দীক্ষা দিয়েছেন অনেক তারকাকে। বর্তমানে পর্তুগাল দলের কোচের দায়িত্বে থাকা ৪২ বছর বয়সী বেনতো জানিয়েছেন, তাঁর দেখা সেরা ফুটবলারদের অন্যতম ক্রিস্টিয়ানো রোনালদো। বেনতো মনে করেন, সর্বকালের সেরা ফুটবলারদের একজন রোনালদো। দেশের হয়ে বড় কোনো শিরোপা না জিতে তাঁর ক্যারিয়ার শেষ হলেও পর্তুগিজ এই স্ট্রাইকারকে একইভাবে মূল্যায়ন করা উচিত হবে।‘জাতীয় দলে রোনালদো অসাধারণ। ২০০৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে ও ছিল। স্বাভাবিকভাবেই আমরা চাই, ও দেশের হয়ে বড় কোনো শিরোপা জিতুক। তবে আমি মনে করি না, নিজের প্রতিভার প্রমাণ দিতে বা সর্বকালের অন্যতম সেরা হিসেবে স্বীকৃতি পেতে বড় কোনো শিরোপা জিততেই হবে রোনালদোকে’—পর্তুগালের রাজধানী লিসবনে সাংবাদিকদের বলেছেন বেনতো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোনালদো প্রসঙ্গে বলতে গিয়ে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ও ইউসেবিওর উদাহরণ টেনে আনেন বেনতো। পর্তুগিজ কোচ বলেন, ১৯৮৬ বিশ্বকাপ না জিতলেও লোকে ম্যারাডোনাকে সর্বকালের অন্যতম সেরা বলতো। ইউসেবিও এখনো সেরাদের অন্যতম হিসেবে স্বীকৃত, যদিও তিনি শুধু একবার বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন।আসছে ৮ জুন মাঠে গড়াবে ইউরো আসর। রোনালদোর জন্য প্রতিযোগিতাটি বেশ চ্যালেঞ্জের। কারণ, দেশের হয়ে বড় প্রতিযোগিতায় বরাবরই নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন এই উইঙ্গার। ব্যর্থতার তালিকায় অন্যতম হলো ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং জার্মানি ও দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ। সমালোচকের মনে করেন, বড় প্রতিযোগিতায় এখনো নিজেকে প্রমাণ করার বাকি রয়েছে রোনালদোর।অবশ্য পাওলো বেনতোর বিশ্বাস, এসব কথা বলে সমালোচকেরা শুধুই রোনালদোর ওপর চাপের বোঝা চাপিয়ে দিচ্ছেন। বেনতো বলেন, ‘এটা চিন্তা বা বিশ্বাস করার কোনো অর্থ নেই যে একজন খেলোয়াড় গোটা দলের সমস্যার সমাধান করবে। আমি মনে করি না, এটা সম্ভব।’ সূত্র: ওয়েবসাইট।