বার্সেলোনা-সতীর্থদের সঙ্গে কাঁধ মিলিয়েই ইউরো জিতেছেন, ক্লাব দলের বৈরিতার আঁচ থেকে স্পেনকে দূরে রাখতে পেরেছেন। বার্সেলোনাকে ন্যায্য সম্মান দিতেও মোটেও কার্পণ্য নেই তাঁর। তবে রিয়াল মাদ্রিদই তাঁর সব। গত বছর দলকে লা লিগা জিতিয়েছেন, এবারও সেটার পুনরাবৃত্তি চান স্পেনের শেষ প্রহরী ইকার ক্যাসিয়াস, ‘বার্সেলোনাকে আমি শ্রদ্ধা করি, গার্দিওলাকেও। কিন্তু রিয়ালের হয়ে সব প্রতিযোগিতায় জেতাটাই আমার আসল লক্ষ্য।’ এই মৌসুমে নিজেদের প্রথম ম্যাচটা ভ্যালেন্সিয়ার মতো বিপজ্জনক প্রতিপক্ষের সঙ্গে, সেদিকেই এখন মনোযোগ তাঁর, ‘ভ্যালেন্সিয়ার সঙ্গে খেলে আমরা মৌসুমটা শুরু করতে যাচ্ছি। দলটা ভালোই খেলে এবং আপনার কাজটাকে তারা কঠিন করে তোলে। শিরোপা জেতাটাই আমাদের লক্ষ্য।’ অনেক দিনের অধরা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়টাই প্রাধান্য পাচ্ছে স্পেন অধিনায়কের কাছে, ‘দশমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতাটা অবশ্যই বিশেষ কিছু। গত মৌসুমে আমরা ফাইনালের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলাম, এবার আমরা এটা জিততে চাই।’ফিফা-ব্যালন ডি’অর জয়ে নিজের সম্ভাবনা নিয়ে খুব মাথাব্যথা নেই ‘সন্ত’ ইকারের, ‘যার এটা সবচেয়ে বেশি প্রাপ্য এটা তারই পাওয়া উচিত। অনেকেই বলছে আমি জিততে পারি, তবে এতে আমি আচ্ছন্ন নই।’ এই পুরস্কারপ্রাপ্তিতে গোলরক্ষকেরা বরাবরই একটু পিছিয়ে থাকেন মানলেও গোলরক্ষকদের ব্রাত্য ভাবতে রাজি নন, ‘গোলরক্ষকদের জন্য এ ধরনের পুরস্কার একটু দুর্লভই, কিন্তু আমি মনে করি আর সবার মতো আমাদেরও ব্যালন ডি’অর জেতার অধিকার সমান। ইয়াসিন (সোভিয়েত কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াসিন) একবার জিতেছেন, এবার কেন আরেকজন গোলরক্ষক নয়?’স্পেনকে সর্বকালের সেরা দল বলা উচিত কি না, সেই তর্কেও যেতে চান না ক্যাসিয়াস, ‘আমরাই সেরা কি না সেটা জানি না, তবে সেরা তিন দলের যে একটি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা এখন সব প্রতিযোগিতায় ফেবারিট, আমরা জিততেও চাই। আমাদের দলটা এখন অজেয় হয়ে উঠেছে।’ ওয়েবসাইট।