সর্বকালের সেরা হওয়ার পথে মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা ব্যালন ডি’অরের ওই সোনার বলটি যেন আর কোথাও যেতে চাইল না। আগের তিনটি জানুয়ারি মাসের মতো এবারও ওই সোনার বলটি উঠতে চাইল লিওনেল মেসির হাতেই। যেতে চাইল আর্জেন্টিনায় কিংবা ক্যাম্প ন্যুতে। কাল রাতে যখন টানা চতুর্থবারের মতো ব্যালন ডি’অরের মালিক হিসেবে লিওনেল মেসির নাম ঘোষিত হলো, তখন সংখ্যাগরিষ্ঠ মত বলে দিল, ‘মেসির হাতেই তো ওঠার কথা ছিল পুরস্কারটি।’টানা চতুর্থবারের মতো ফিফা বর্ষসেরা পুরস্কারটি লিওনেল মেসির হাতে ওঠার পর এই আর্জেন্টাইন হয়ে গেলেন ফুটবল বিশ্বের এক অবিসংবাদিত ‘গ্রেট’। ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্তেনের মতো তারকাদের আশপাশে ঘুরঘুর করছিলেন আগেই। কাল রাতের পর প্লাতিনি-ক্রুইফ-বাস্তেনরা পিছিয়ে পড়লেন মেসির চেয়ে। তিনবার আছে। টানা চারবার ফিফা বর্ষসেরা হওয়ার কৃতিত্ব যে আর কারোরই নেই। প্লাতিনি তাঁর তৃতীয় ব্যালন ডি’অর জিতেছিলেন ৩০ বছর বয়সে। ক্রুইফ পেয়েছিলেন সাতাশে আর বাস্তেন আটাশে। কিন্তু মেসি তাঁর পঁচিশের মধ্যেই জিতে গেলেন চার-চারটি ব্যালন ডি’অর। মেসি কোথায় গিয়ে থামবেন কে জানে!কোনো সন্দেহ নেই, লিওনেল মেসিই এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার। তিনিই এই মুহূর্তে খেলাটির সেরা প্রতিভা। তাঁর সঙ্গে অনেকের তুলনা চললেও মেসি নিজগুণেই সবাইকে টপকে এগিয়ে চলেছেন নিরন্তর। ২০১২ সালে তিনি এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোল করে ভেঙেছেন জার্ড মুলারের রেকর্ড। বার্সেলোনার হয়ে তিনি যা খেলেছেন, নিজ দেশের জার্সি গায়েও তিনি কম যাননি। এ বছর তিনি তাঁর দেশের আকাশি-সাদা জার্সি গায়ে বার্সেলোনা দ্যুতিরই বিচ্ছুরণ ঘটিয়েছেন, যা তাঁকে এনে দিয়েছে এক বিরাট আত্মতৃপ্তি। এখন সাফল্য বুভুক্ষু আর্জেন্টিনাকে একটি বড় সাফল্য এনে দিতে চান তিনি। ওটা হয়ে গেলেই মেসিকে আর কে পায়। সমালোচকদের মুখের শেষ রা-টুকুও তখন ছিনিয়ে নেওয়া যাবে।গত ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়েছিল তাঁর নতুন জয়যাত্রা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ৫-১ গোলের বিশাল এক জয়ে মেসির অবদান ছিল চার-চারটি গোল। মার্চ মাসে তিনি যেন ফেব্রুয়ারির পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেলেন। চ্যাম্পিয়নস লিগে বেয়ার লেবারকুসেনকে বার্সা যখন ৭-১ গোলে বিধ্বস্ত করল, তাতে মেসির পা থেকেই এসেছিল পাঁচটি গোল। মহাদেশীয় প্রতিযোগিতায় সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ডটাও নিজের করে নেন মেসি। প্রথমে রুদ ফন নিস্তেলরুইয়ের ১২ গোল ও পরে হোসে আলতাফিনির ১৪ গোলের রেকর্ড ভেঙে এই অনন্য অর্জনকে নিজের করে নেন মেসি।ব্যক্তিগত অর্জনটা দারুণ হলেও ২০১২ সালের চ্যাম্পিয়নস লিগে অবশ্য মেসির দল বার্সেলোনা সাফল্য পায়নি। সেমিফাইনালে চেলসির বিপক্ষে পেনাল্টি মিস করে দলকে ডুবিয়েছিলেন মেসি। সেই আক্ষেপ তাঁর যায়নি এখনো। হয়তো ২০১৩ সালে বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিয়েই তিনি ভুলবেন চেলসির বিপক্ষে সেমিফাইনালের সেই পেনাল্টির দুঃস্বপ্ন।চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি গত বছরের লা লিগার শিরোপাটাও নিজেদের করতে পারেনি বার্সেলোনা। তবে লিওনেল মেসি ঠিকই বার্সেলোনার হয়ে আরও একটি ব্যক্তিগত অর্জন তুলে নিয়েছেন। তিনিই কাতালানদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সিজার রদ্রিগুয়েজের ২৩২ গোলের রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি ২০১২ সালেই।নতুন মৌসুমটা অবশ্য মেসির দিকে আশীর্বাদের হাত বাড়িয়েই শুরু হয়েছে। লিগের অর্ধেক শেষে মেসির গোলসংখ্যা ৩৫। মৌসুমের আরও অনেকটা এখনো বাকি। বার্সেলোনার সমর্থকেরা মেসিকে এক অনন্য উপহার হিসেবেই দেখতে পারেন। এই ক্লাবটিতে অতীতে অনেক তারকার সমাবেশ ঘটেছে। এই ক্লাবটি তারকার সমাবেশে ছাড়িয়ে গেছে বিশ্বের অনেক সেরা ক্লাবকেই। ইয়োহান ক্রুইফ, ডিয়েগো ম্যারাডোনা, রিস্টো স্টইচকভ, রোনালদো, রিভালদো, রোনালদিনহো—অতীতে আর কোন ফুটবলার বার্সেলোনার সমর্থকদের ওপর মেসির চেয়ে বেশি প্রভাব রাখতে পেরেছেন? তিনিই তো কাতালানদের জীবনে ঘটা সবচেয়ে বড় ‘ঘটনা’। গত পাঁচ বছরে মেসি বার্সেলোনার খোলনলচেই পাল্টে দিয়েছেন। মেসিকে ঘিরেই এই সময়ে বার্সেলোনার যাবতীয় সাফল্য-ব্যর্থতার আখ্যান রচিত হয়েছে। যদিও মেসির পাশে আন্দ্রেস ইনিয়েস্তা আছেন। আছেন জাভি হার্নান্দেজও। যেকোনো বিচারে মেসি ছাড়াও বার্সেলোনা এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ক্লাব। কিন্তু নিজের প্রতিভার গুণেই লিওনেল মেসি অন্যের সঙ্গে নিজেকে আলাদা করেছেন। মেসির উপস্থিতি অন্য দলের সঙ্গে গড়ে দিয়েছে বার্সেলোনার পরিষ্কার পার্থক্য। নিজের প্রতিভাকে তিনি গত কয়েক বছরে এত দিকে প্রসারিত করেছেন যে, এই মুহূর্তে ফুটবল বিশ্বে তাঁর বিকল্প খুঁজতে যাওয়াও এক বোকামির নামান্তর।মেসি সবই পেয়ে গেছেন। বয়সটা মাত্র ২৫। আরও হয়তো ১০ বছর অবলীলায় ফুটবলটা খেলে যাবেন তিনি। এখন মেসির লক্ষ্য কী? ‘স্কাই ইজ দ্য লিমিট’ কথাটা এত দিন মেসির মাধ্যমে খুঁজে নিয়েছে তার সার্থকতা। মেসির সামনে লক্ষ্যের দিগন্ত প্রসারিত থাকলেও আপাতত ২০১৪ সালকে সামনে নিয়েই এগোবেন তিনি। ব্রাজিলে আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপটা যে তাঁর জন্য হাজির হবে বিরাট এক চ্যালেঞ্জ হয়ে। ১৯৮৬ সালের পর বিশ্বকাপ না-জেতা ও ১৯৯৩ সালের পর বড় কোনো প্রতিযোগিতায় শিরোপা না জেতা আর্জেন্টিনা যে অপেক্ষায় আছে লিওনেল মেসির জীবনের শ্রেষ্ঠ ঝলকের। যে ধরনের এক ঝলকে ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন, তেমনই এক ঝলক। আগামী বছর ব্রাজিলে ওই ঝলকটি দেখিয়ে দিলেই মেসি পেয়ে যাবেন সবকিছুই। তখন তাঁর সবচেয়ে বড় শত্রুও পরম শ্রদ্ধায় শুধোবে, ‘না, মেসিই সর্বকালের সেরা।’