সর্বকালের সেরা হওয়ার পথে মেসি!
সময়ের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। গত তিন-চার মৌসুমে আর্জেন্টাইন তারকার জাদু দেখার পর এর বিপরীত কথা বলার মানুষ খুব বেশি আর নেই। মানুষের মুখে মুখে কিংবা কাগজে-কলমে, মেসিই বর্তমানে বিশ্বের এক নম্বর খেলোয়াড়।বর্তমান সময়ের সিঁড়ি ভেঙে মেসি কি সর্বকালের সেরাদের তালিকায় নিজের নামটা গেঁথে নিতে পারবেন? সার্জিও বাতিস্তার বিশ্বাস, সেই দিন আর বেশি দূরে নয়, যখন মেসিকে মানুষ সর্বকালের সেরা বলবে। বুধবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে মেসির দ্বিতীয় গোলটি দেখে মুগ্ধ বাতিস্তা।মেসির আর্জেন্টাইন গুরু এই গোলটিকে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার ‘শতাব্দী-সেরা’ গোলের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘আমরা সবাই মেসিকে জানি। তার খেলা দেখতে আমাদের ভালো লাগে। ও আসলে সর্বকালের সেরা খেলোয়াড় হতে চলেছে। প্রতিদিনই ও নিজে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছে। আর এখন তো মেসি সময়েরই সেরা খেলোয়াড়।’আর্জেন্টিনার কোচ শুধু মেসির একারই ভক্ত নন, গোটা বার্সেলোনা দলকেই তাঁর পছন্দ। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচটি তিনি দেখেছেন এবং দেখার পর বার্সার প্রশংসা করে বলেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, জাভি আর মেসির মতো খেলোয়াড় এখনো আছে—নিজেকে এটাই বলতে বলতে মাঠ ছেড়েছি আমি। এরা আপনার মনে আনন্দের স্রোত বইয়ে দেবে এবং সবাইকে করবে রোমাঞ্চিত।’১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন বাতিস্তা। ওই বিশ্বকাপে তাঁর অধিনায়ক ম্যারাডোনার প্রশংসা সব সময়ই করেন তিনি। তবে এটাও বিশ্বাস করেন, ‘এক দিন ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবে মেসি।’ মেসি-স্তুতি করার ফাঁকে এটাও মনে করিয়ে দেন, ম্যারাডোনা নিজেই একবার বলেছিলেন, ‘মেসি এরই মধ্যে আমাকেও ছাড়িয়ে গেছে।’চ্যাম্পিয়নস লিগ, লা লিগা—এই ২৩ বছর বয়সে অনেক কিছু জিতেছেন মেসি। তাঁর মাথায় উঠেছে ফিফা বর্ষসেরা এবং ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার। ১৯৭৮ সালে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সর্বোচ্চ গোলদাতা মারিও কেম্পেস বলেছেন, ‘এখন শুধু একটা পুরস্কার জিতলেই হবে মেসির, সেটি বিশ্বকাপ।’ মেসির শোকেসে এই একটি পদকেরই অভাব।গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ম্যারাডোনা-মেসির আর্জেন্টিনা। কিন্তু স্বপ্নভঙ্গ হয় জার্মানির কাছে ৪-০ গোলে হেরে। আর্জেন্টিনার ২০১৪ বিশ্বকাপে নতুন স্বপ্ন গড়ার কারিগর বাতিস্তার বিশ্বাস, দক্ষিণ আফ্রিকায় না পারলেও এবার ব্রাজিল বিশ্বকাপে মেসি ঠিকই পারবেন।পুরো আর্জেন্টিনাই তাকিয়ে আছে মেসির মিশন ২০১৪-এর দিকে। মেসি কি পারবেন বিশ্বকাপ আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে? পারবেন সর্বকালের সেরা হতে? রয়টার্স।