সর্বকালের সেরা হবে মেসি: ভিলানোভা
বয়স মাত্র ২৫। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে এখনই সর্বকালের সেরা ফুটবলারের তকমা দেওয়াটা হয়তো বাড়াবাড়ি বলবেন অনেকে। তবে বার্সার কোচ টিটো ভিলানোভা মনে করেন, মেসিই একদিন হবেন সর্বকালের সেরা।‘মেসি এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়। ও যদি এখন সর্বকালের সেরা না-ও হয়ে থাকে, একদিন অবশ্যই তা হবে। মেসির মতো আরেকজন ফুটবলার পাওয়া যাবে না।’ গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন ভিলানোভা।লি লিগায় আজ শনিবার রাতে বার্সা মুখোমুখি হবে গ্রানাডার। এমনিতেই শক্তির বিচারে গ্রানাডা দুর্বল, এর ওপর খেলাটা হবে ন্যু ক্যাম্পে। ঘরের মাঠে প্রতিপক্ষ নিয়ে আক্ষরিক অর্থেই বার্সার ভাবনার কিছু নেই। গণমাধ্যমে গুঞ্জন, এ ম্যাচ নিয়ে ভাবছেনও না ভিলানোভা। বার্সার কোচের দৃষ্টিজুড়ে নাকি আগামী ৭ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে অনুষ্ঠেয় এল ক্লাসিকো। তবে ভিলানোভার দাবি, খবরটা সত্য নয়।‘ক্লাসিকো নিয়ে ভাবছি না আমি। আমার মাথায় কেবল গ্রানাডা, গ্রানাডা আর গ্রানাডা। ওই ম্যাচ নিয়ে কোনো প্রশ্ন থাকলে দ্বিতীয় রাউন্ডে তা করুন। এ সপ্তাহে পুরো ১৫ পয়েন্ট অর্জন করতে চাই আমরা।’লিগে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বার্সা। জয় এসেছে প্রতিটিতেই। অর্জন ১২ পয়েন্ট। অন্যদিকে শিরোপার লড়াইয়ে বার্সার মূল প্রতিদ্বন্দ্বী রিয়ালের অর্জন মাত্র চার পয়েন্ট। চার ম্যাচে দুটিতে হার, একটিতে ড্র। জয় কেবল একটিতে। এখন পর্যন্ত রিয়ালের চেয়ে আট পয়েন্টে এগিয়ে বার্সা। আজ গ্রানাডার বিপক্ষে জয় পেলে রিয়ালের সঙ্গে ব্যবধানটা হবে ১১ পয়েন্টের।টিটো ভিলানোভা অবশ্য বলছেন, রিয়ালের সঙ্গে কত পয়েন্টের ব্যবধান, এ নিয়ে ভাবছেন না তিনি। তাঁর মতে, এসব ভাবনা সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। বার্সা কোচ বলেন, ‘গ্রানাডার বিপক্ষে আমাদের চাওয়া একটাই, তা হলো জয়। রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে যাওয়ার কথা ভাবছি না। এটা সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়।’ সূত্র: ওয়েবসাইট।