সর্বোচ্চ শাস্তিও হতে পারে নাদিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো তদন্ত কমিটির সঙ্গে কথা হয়নি নাদির শাহর। কথা হলেও সেটা হতে পারে কেবলই আনুষ্ঠানিকতা, তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া মাত্র। ইন্ডিয়া টিভির ছদ্মবেশী সাংবাদিকের ফাঁদে পা দিয়ে অর্থের বিনিময়ে স্পট ফিক্সিংয়ে রাজি হওয়া এই আম্পায়ারকে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত একরকম চূড়ান্তই হয়ে গেছে।ইন্ডিয়া টিভির সংবাদে গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজের খুব অল্পই দেখানো হয়েছে। নাদিরের বিরুদ্ধে অভিযোগটা উঠেছে ওই ফুটেজ দিয়েই। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ইন্ডিয়া টিভির কাছ থেকে নাদিরের সঙ্গে কথোপকথনের পুরো ফুটেজ হাতে পাওয়ার পর যারপরনাই বিস্মিত বিসিবির কর্মকর্তারা। স্পট ফিক্সিংয়ের প্রস্তাবে রাজি হওয়া ছাড়াও পুরো ফুটেজেই এই আম্পায়ার ছিলেন বাংলাদেশের ক্রিকেটের কড়া সমালোচক। বিসিবি, ঘরোয়া ক্রিকেট, এমনকি জাতীয় দলের খেলোয়াড়দেরও নাকি হেয়প্রতিপন্ন করেছেন বারবার। তা ছাড়া বিসিবির অভ্যন্তরীণ অনেক বিষয়েই করেছেন নেতিবাচক মন্তব্য। নাম প্রকাশ না করার শর্তে পুরো ফুটেজটি দেখেছেন, বিসিবির এমন এক কর্মকর্তা বলেছেন, ‘না দেখলে বিশ্বাস করবেন না, তিনি কীভাবে আমাদের ক্রিকেটকে অপমান করেছেন। জাতীয় দলের খেলোয়াড়দের সম্পর্কেও অপমানজনক কথা বলেছেন ফুটেজে।’এ অবস্থায় নাদির শাহর সঙ্গে কথা বলার আগেই কঠোর মনোভাব নিয়ে নিয়েছে বিসিবি ও তদন্ত কমিটি। দু-এক দিনের মধ্যে হয়তো নাদির শাহকে ডাকাও হবে, তবে সেটা শুধু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই। কৃত অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কারাদেশও পেতে হতে পারে তাঁকে। তদন্ত কমিটির প্রধান বিসিবির পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর অবশ্য এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন, ‘আমাদের তদন্তটা আইসিসির তদন্তের অংশ। আইসিসির নির্দেশনা অনুযায়ীই সব হবে। পুরো ঘটনা যাচাই করে আমরা বোর্ডকে জানাব। এরপর বোর্ড বাকি সিদ্ধান্ত নেবে এবং আইসিসিকে জানাবে।’তদন্ত কমিটির সঙ্গে কথা বলতে পরশু বিসিবির কার্যালয়ে গিয়েছিলেন নাদির শাহ। কিন্তু দীর্ঘ সময় বসে থেকে ফিরে এসেছেন কথা না বলেই। তদন্ত কমিটির প্রধানের দাবি, নাদিরকে সেদিন তাঁরা ডাকেননি। আসার আগে নাদিরও কোনো যোগাযোগ করেননি। তবে আগামী দু-এক দিনের মধ্যেই তাঁকে তদন্ত কমিটির সামনে আসতে বলা হবে বলে জানিয়েছেন তিনি।তবে তদন্ত কমিটির সামনে যাওয়ার আগে আবারও নিজেকে নির্দোষ দাবি করেছেন নাদির। কাল টেলিফোনে প্রথম আলোকে বলেছেন, ‘সব প্রি-প্ল্যানড। ওরা (ইন্ডিয়া টিভি) প্ল্যান করে আমাকে ফাঁসিয়েছে। আর পানির সঙ্গে কী না কী মিশিয়ে আমাকে খাইয়েছে। ওখানে এ রকম আরও অনেক ঝামেলা হয়েছে।’ কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরও কেন তিনি সেটা বিসিবিকে জানাননি? নাদিরের ব্যাখ্যা—‘সৈকত (আরেক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ) তো জানিয়েছিল। ভেবেছিলাম ওটাই এনাফ। আমার আর বলার দরকার নেই। বোর্ড সৈকতের কথার ফলোআপ করলেই হতো।’