সলিডারিটি গেমসে শিলার হাতে পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১২–২২ মে আজারবাইজানে হচ্ছে ইসলামিক সলিডারিটি গেমস। আর এই গেমসের মার্চ পাস্টে বাংলাদেশ দলের পতাকা থাকবে সাঁতারু মাহফুজা খাতুন শিলার হাতে। গত এসএ গেমসে জোড়া সোনা জেতার পুরস্কার হিসেবেই এই সম্মান পাচ্ছেন যশোরের মেয়ে। গত এসএ গেমসে সোনাজয়ী অন্য দুজনের কথাও উঠেছিল। তবে তাঁদের চেয়ে শিলার অর্জন বড় হওয়ায় তাঁর দিকেই ঝুঁকেছে বিওএ। গতকাল বিওএর নবনির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভা শেষে এ সিদ্ধান্ত জানিয়েছেন মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
এ সভায় গঠন করা হয়েছে বিওএর ১৩টি উপকমিটি। আলোচনায় এসেছে আগামীর পথরেখা ঠিক করার বিষয়টিও। ২০১৯ সালে কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ান গেমস সামনে রেখে জুলাই থেকে অনুশীলন শুরুর কথাও ভাবা হচ্ছে। আর্থিক একটা নীতিমালা তৈরির সিদ্ধান্তও হয়েছে। সাঁতারের দক্ষিণ কোরিয়ান কোচ পার্ক তে গুনের মেয়াদ এক বছর বাড়িয়ে আগামী মার্চ পর্যন্ত করা হয়েছে।
রাগবি ও ফেন্সিং ফেডারেশন থেকে গত নির্বাচনে বিওএর কাউন্সিলর ছিল না। এই দুটি খেলা অলিম্পিকভুক্ত হওয়ায় দুটি ফেডারেশনকেই কাউন্সিলরশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী কমিটি। বহুল আলোচিত এবং প্রস্তাবিত যুব গেমসটা যাতে দ্রুততম সময়ে অর্থাৎ এ বছরই করা যায়, সেই লক্ষ্যে বাদল রায়কে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে। যদিও এই গেমসের কথা শোনা যাচ্ছে বছর তিনেক ধরেই।