সস্তাই পড়েছে বেল!
সেই লুইস ফিগো থেকে শুরু। এরপর জিনেদিন জিদান, কাকা, ক্রিস্টিয়ানো রোনালদো...তালিকাটা শুধু লম্বাই হয়েছে। বুঝতেই পারছেন, কিসের কথা হচ্ছে! গত পাঁচবার এঁদের এনে দলবদলের বিশ্ব রেকর্ড ভেঙেছে রিয়াল মাদ্রিদই। যাতে সাম্প্রতিকতম সংযোজন গ্যারেথ বেল। বেল অবশ্য বাকিদের চেয়ে একটু আলাদা, এই উইঙ্গার যে ইতিহাসেরই প্রথম ‘হানড্রেড মিলিয়নম্যান’!
এই বিপুল অর্থব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বার্সা কোচ জেরার্ডো মার্টিনো বলেছেন, এটা ‘ফুটবলের জন্য অবমাননাকর’। মার্টিনো না
হয় বাইরের লোক, কিন্তু রিয়ালের ঘরের লোক রাউল-জিদান পর্যন্ত বলেছেন দামটা ‘একটু বেশিই’ হয়ে গেছে।
ফ্লোরেন্তিনো পেরেজ নিশ্চয়ই অভিযোগটা শুনতে শুনতে ক্লান্ত। তবে রিয়াল মাদ্রিদ সভাপতি দাবি করলেন, বেলকে ‘সস্তায়’ই কেনা হয়েছে! স্প্যানিশ রেডিও স্টেশন কাডেনা সারকে পেরেজ বলেছেন, ‘সাইনিংটা সস্তাই ছিল। আসলে সব গুরুত্বপূর্ণ খেলোয়াড়কেই রিয়াল মাদ্রিদ সস্তায় কিনেছে। এ জন্যই আমরা ফোর্বস-এর তালিকায় শীর্ষে আছি। ফিগো, জিদান, রোনালদো বা বেকহামকেও অনেক দাম দিয়ে কিনতে হয়েছে, কিন্তু আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বদলে লাভবানই হয়েছি।’
প্রথমে শুনে একটু ধন্ধ লাগলেও পেরেজ কিন্তু ভুল বলেননি। ফোর্বস-এর তালিকায় বেশ কিছুদিন ধরেই বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ। বেলকে আনার পর রিয়াল মোট বাজারমূল্য আগের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩৪০০ কোটি ডলারে। আরেকটা হিসাবও পেরেজের দাবিকে জোরালো করবে। ১৫ বছর আগেও রিয়ালের বার্ষিক মুনাফা যেখানে ছিল ৮ কোটি ৫০ লাখ ইউরো, এই মৌসুমে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ইউরোতে। তার ওপর রিয়ালের আর্থিক দেনার পরিমাণও আগের চেয়ে অনেক কমেছে।
তবে এটুকু পড়ে আবার ভাববেন না বেলকে শুধু রাজস্ব বাড়াতে এনেছে রিয়াল। আসল উদ্দেশ্যটা যে রিয়ালকে সেরাদের তীর্থক্ষেত্র বানানো সেটাই বললেন পেরেজ, ‘বেল দুবার প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হয়েছে। আমি মনে করি সে বিশ্বসেরাদের একজন। আর সেরাদের জায়গা রিয়ালই।’”
কিন্তু দিন শেষে ট্রফি না জিতলে এসব কিছুতেই যে সমর্থকদের ভোলানো যাবে না, পেরেজ নিশ্চয়ই সেটা জানেন! এএফপি।