সস্তায়ই পেয়েছে রিয়াল!
কেউ বলেছিলেন পাগলামি, কেউ বলেছিলেন নেহাতই টাকার গরম দেখানো। কারও কথা ছিল এভাবে টাকা ওড়ানোর কোনো মানে হয় না। গ্যারেথ বেলের চুক্তি নিয়ে কত কথা শোনা গেছে। কিন্তু যে ক্লাব থেকে বেল রিয়াল মাদ্রিদে এলেন, সেই টটেনহাম হটস্পারের কোচ টিম শেরউড এখন যখন বলছেন ‘বেলের চুক্তির অঙ্কটা কমই মনে হচ্ছে’, এতটুকু বেমানান লাগছে না!
রিয়ালে প্রথম দুটি মাস বাদ দিলে বেল ‘হানড্রেড মিলিয়ন’ ম্যান তকমাটার খুব একটা অমর্যাদা করেননি। আর বুধবার রাতে কোপা ডেল রের ফাইনালে বিস্ময়কর দৌড়ে করা গোলটা তাঁকে নিয়ে গেছে আরও এক ধাপ ওপরে। রিয়ালকে শিরোপা জেতানো ওই গোলের পর গ্যারি লিনেকার যথার্থই টুইট করেছেন, ‘গ্যারেথ বেল এইমাত্র সুপারস্টার হলো!’
মাঠের মাঝ বরাবর বল পাওয়ার পর বার্সা ডিফেন্ডার মার্ক বার্ত্রা সেদিন যেভাবে শরীরের ধাক্কায় মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন তাঁকে, বার্সার ডাগআউটের সামনে পড়েই যেতে পারতেন। কিন্তু বেল পড়েননি, বরং বার্সা-বেঞ্চকে সাক্ষী রেখে রেসিং কার যেমন সামনের গাড়িকে টপকাতে লেনের বাইরে গিয়ে বাঁক নেয়, সেভাবেই বাঁক ঘুরে মাঠে ঢুকে শুধু বলের নিয়ন্ত্রণই নেননি, বার্সা গোলরক্ষক পিন্টোর দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়েই শেষ করেন ৫৮ মিটারের দৌড়! এই দৌড়ে তাঁর তুলনা হচ্ছে উসাইন বোল্টের সঙ্গে। তাঁর নামই এখন ‘গ্যারেথ বোল্ট’!
ইংলিশ ক্লাব টটেনহামের কোচ শেরউড বেলে এতটাই অভিভূত যে তাঁর ১০ কোটি ইউরোর চুক্তিটাকেও কম মনে করছেন! বলেছেন, বেলের জন্য টটেনহামের আরও বেশি টাকা পাওয়া উচিত ছিল, ‘ওর ট্রান্সফার ফি’টা এখন সস্তা মনে হচ্ছে। মাঠে সে এতটাই দ্রুত দৌড়াচ্ছিল যে বার্গার খেতে থাকা তিন বুড়িকে টপকে মাঠে ফিরেও বল পায়ে সে দ্রুততম ছিল।’ ম্যাচের পরই শেরউড খুদে বার্তা পাঠিয়েছেন বেলকে, ‘অভিনন্দন বন্ধু। এভাবেই চালিয়ে যাও।’ ৩৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগে টটেনহাম আছে ছয় নম্বরে। কিন্তু গত ডিসেম্বরে প্রধান কোচের দায়িত্ব নেওয়া শেরউড বলছেন, ‘গ্যারেথ বেলকে এনে দাও আমায়। তাহলে আমরা সত্যিই শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার বড় দাবিদার হয়ে উঠব।’ ওয়েবসাইট।