সহ-অধিনায়ক ঠিক হয়নি বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শেষ চমকটাই কি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)? হাতে আর কোনো বিকল্প নেই। অথচ বোর্ড সভায় দুই-আড়াই ঘণ্টা আলোচনার পরও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস দীর্ঘ প্রতীক্ষিত সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘অধিনায়কের নাম এখনই ঘোষণা করছি না...।’ এটা চমক নয়তো কী?ইনজুরিতে পড়ে মাশরাফি বিন মুর্তজার বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়ার পর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে দ্বিতীয় চিন্তার সুযোগ নেই। সাকিব আল হাসানকে অধিনায়ক করার ব্যাপারে অনানুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বোর্ড কর্মকর্তারাও। এ রকম অবস্থায় কালও বিশ্বকাপের অধিনায়কের নাম ঘোষণা না করাটা শুধু বিস্ময়করই নয়, হাস্যকরও। এ ব্যাপারে বোর্ডের হয়ে জালাল ইউনুস যে ব্যাখ্যা দিলেন, সেটা মানাও কঠিন, ‘অধিনায়ক ও সহ-অধিনায়ক নিয়ে আলোচনায় দু-একজনের নাম বেরিয়ে এসেছে। কিন্তু জাতীয় দলের কোচ জেমি সিডন্স দেশের বাইরে। তাঁর সঙ্গে আলোচনা করে আগামী মাসের ২-৩ তারিখের মধ্যে অধিনায়ক ঘোষণা করা হবে।’ সম্পূরক প্রশ্নটা আসেই—সিডন্সের সঙ্গে এই আলোচনাটা এত দিনেও হয়নি কেন?মিডিয়া কমিটির প্রধান জানিয়েছেন, সহ-অধিনায়ক হিসেবে দু-তিনজনকে নিয়ে আলোচনা হয়েছে। অধিনায়কের আলোচনাতেও নাকি সাকিবের সঙ্গে আরও একজন আছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে সম্ভাব্য অধিনায়ক ও সহ-অধিনায়কদের সঙ্গে আলোচনা করে তাঁদের মতামত বোর্ডকে জানানোর।আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সূত্র জানিয়েছে, কালকের সভায় বিশ্বকাপের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক করার ব্যাপারে একমত হয়েছে বোর্ড। জালাল ইউনুসের কথায়ও আছে সে আভাস, ‘অধিনায়ক একরকম ঠিক করাই আছে। সহ-অধিনায়কের ব্যাপারটাই মূলত টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করা হবে। আমরা চাচ্ছি দুটি নাম একসঙ্গে ঘোষণা করতে। দলের স্বার্থেই এখন নামগুলো জানাতে চাচ্ছি না।’ সম্ভাব্য সহ-অধিনায়ক হিসেবে আলোচনা হয়েছে মুশফিকুর রহিম ও তামিম ইকবালের নাম, আবদুর রাজ্জাকের নামটাও নাকি তুলেছেন কেউ কেউ।বিশ্বকাপের দল আগে ঘোষণা হবে নাকি অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম, তা নিয়ে দীর্ঘ বিতর্কেই চলে গেছে সভার অনেকটা সময়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে অধিনায়ক ও সহ-অধিনায়কের নামই আগে ঘোষণার। তবে সম্ভাব্য অধিনায়ক ও সহ-অধিনায়কদের কারও সঙ্গেই যেহেতু এ বিষয়ে এখনো আলোচনা হয়নি, অভিজ্ঞতা থেকে আগবাড়িয়ে নাম ঘোষণা করাটাকে ঝুঁকিপূর্ণ মনে করছে বোর্ড। সেজন্যই সাকিব-মুশফিকুরদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে এনায়েত হোসেনকে।বিসিবি অবশ্য একটা বিষয় কালই নিশ্চিত করে দিয়েছে। অধিনায়ক ও সহ-অধিনায়ক কোনো আলোচনাতেই আর নেই হাঁটুর ইনজুরিতে পড়া মাশরাফি। ‘মাশরাফির ম্যাচ ফিটনেসের রিপোর্ট না আসা পর্যন্ত তাকে আমরা এই বিবেচনায় আনছি না। তার আরও তিন থেকে চার সপ্তাহ লাগবে ম্যাচ ফিট হতে। আমরা তার আগেই অধিনায়কের নাম ঘোষণা করব। মাশরাফির নামটা এখান থেকে বাদই দিয়ে দিতে পারেন’—বলেছেন জালাল ইউনুস।বিশ্বকাপের মাত্র ৫৩ দিন আগেও অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা না করাটা দুর্ভাগ্যজনক। এই সময়ে কোথায় অধিনায়ক তাঁর দলের সম্ভাব্য চেহারা দাঁড় করাবেন, রণকৌশল ঠিক করবেন, তা না আনুষ্ঠানিকভাবে কেউ জানেই না বিশ্বকাপে কার হাতে থাকবে বাংলাদেশ দলের নেতৃত্ব! আরও হতাশাজনক হলো, অধিনায়কের নাম ঘোষণায় যে অনেক দেরি হয়ে গেল, এই উপলব্ধিটাই নেই বোর্ডের! ‘আমাদের হাতে সময় আছে। অনেক দেশেরই এখনো অধিনায়ক ঘোষণা হয়নি। ১৯ জানুয়ারি আমরা বিশ্বকাপের দল আইসিসিকে জানাব। সেজন্যই সুযোগটা নিচ্ছি’—বলেছেন জালাল ইউনুস।কালকের বোর্ড সভায় আলোচনা হয়েছে নিমবাসের কাছ থেকে বকেয়া অর্থ আদায়ের কৌশল নিয়েও। এ ব্যাপারে মিডিয়া কমিটির প্রধান বলেছেন, ‘নিমবাসের কাছ থেকে পাওনা টাকা নিয়ে আদালতে বা শুনানিতে যাওয়ার মতো অবস্থা এখনো আসেনি। তার আগে আলাপ-আলোচনার মাধ্যমে টাকা আদায়ের সুযোগ আছে। বোর্ড তাই সিদ্ধান্ত নিয়েছে আরও কিছুদিন অপেক্ষা করার।’ তবে তিনি বলেছেন, নিমবাসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নতুন করে সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য এখন থেকেই দরপত্র-প্রক্রিয়া শুরু করা হবে। নিমবাসের সঙ্গে বিসিবির ছয় বছরের চলতি চুক্তিটি শেষ হবে ২০১২ সালের এপ্রিলে।