সহজ গ্রুপ বলে কিছু নেই!
বার্নের ওয়াঙ্কডর্ফ স্টেডিয়ামটিকে জার্মানি হয়তো মনে রাখবে ‘মিরাকল অব বার্নের’ জন্য, কিন্তু এই একই স্টেডিয়াম দীর্ঘদিন বার্সেলোনার জন্য হয়ে ছিল ‘সরো অব বার্ন’। প্রথম ইউরোপ-সেরার মুকুট পরতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩০ বছরেরও বেশি সময়। চারটি চ্যাম্পিয়নস লিগ ট্রফির প্রথমটি বার্সা জিতেছে ১৯৯২ সালে, অথচ সেই শিরোপা আসতে পারত ১৯৬১-তেই। বার্সাকে সেই শিরোপা তুলতে দেয়নি বেনফিকা। প্রথম পর্তুগিজ দল হিসেবে সেবার ইউরোপিয়ান কাপ জিতেছিল তারা।পুরোনো সেই ‘শত্রু’র সঙ্গে বার্সেলোনার দেখা হয়ে যাচ্ছে এবার গ্রুপ পর্বেই। ‘জি’ গ্রুপে বার্সা-বেনফিকার সঙ্গী হয়েছে রাশিয়ার স্পার্তাক মস্কো আর স্কটিশ দল সেল্টিক। তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে বার্সা। তবে চ্যাম্পিয়নস লিগে ‘সহজ গ্রুপ’ বলে যে কিছু নেই সেটাই মনে করিয়ে দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। সতীর্থ লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে গত মৌসুমের ইউরোপ-সেরা খেলোয়াড়ের পুরস্কার তোলা ইনিয়েস্তা বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগ জেতা অবিশ্বাস্য রকমের কঠিন। আমাদের মুখোমুখি হবে এমন সব প্রতিপক্ষকেই আমরা সমীহ করব।’গতবারের অভিজ্ঞতা থেকে মেসি বলছেন, শুধু ভালো খেললেই হয় না, ভাগ্যকেও পাশে লাগে, ‘কখনো কখনো চ্যাম্পিয়নস লিগে ভাগ্যই নিয়ন্ত্রক হয়ে দাঁড়ায়, গতবার চেলসির বেলায় যেটি হয়েছিল। আমাদের ড্রটা কঠিন হয়েছে, কিন্তু আশা করি গতবারের চেয়ে এবার ভালো করতে পারব।’‘সহজ গ্রুপ’ বলে যে আসলেই কিছু নেই, এটা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ভালো বুঝি আর কেউ জানে না। গতবার সহজ গ্রুপে পড়েও প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল সাম্প্রতিক সময়ে ইউরোপ-সেরার এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দলগুলোর অন্যতম ইউনাইটেড। ‘এইচ’ গ্রুপে ব্রাগা, গ্যালাতাসারাই আর সিএফআর ক্লুজের সঙ্গে পড়েও তাই ইউনাইটেড ‘সহজ গ্রুপে’ পড়েছে বললে ফার্গি বোধ হয় চটে যাবেন। এই উদাহরণ টেনে চেলসির ক্লাব সচিব ডেভ বার্নার্ড বলেছেন, ‘কাজটা মোটেও সহজ হবে না। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ভেবেছিল তারা সহজেই পার হয়ে যাবে। কিন্তু আগেভাগেই বিদায় নিতে হয়েছিল তাদের। এই ভুল করার সুযোগ আপনার নেই।’ বর্তমান চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে ‘ই’ গ্রুপে আছে জুভেন্টাস, শাখতার দোনেৎস্ক আর নরজেল্যান্ড। ডেনমার্কের দল নরজেল্যান্ড এই প্রথম চ্যাম্পিয়নস লিগ খেলতে এসেছে। ‘প্রথম’ অভিজ্ঞতাটা হচ্ছে আরও দুই দল ফরাসি চ্যাম্পিয়ন মঁপেলিয়ে ও স্পেনের মালাগার। ৩২ দলের মধ্যে ১১ দলেরই আছে শিরোপা জেতার অভিজ্ঞতা। রেকর্ড ১৮তম বারের মতো অংশ নিচ্ছে ইউনাইটেড।১১ চ্যাম্পিয়নের মধ্যে তিন চ্যাম্পিয়ন পড়েছে একই গ্রুপে! সেই গ্রুপটি ডি। রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে আছে চারবারের চ্যাম্পিয়ন আয়াক্স, একবারের চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড। সঙ্গে আছে নতুন পরাশক্তি ম্যানচেস্টার সিটি। কোনো প্রশ্ন ছাড়াই এই গ্রুপটিই এবারের ‘মৃত্যুকূপ’। সিটির দুর্ভাগ্য, টানা দুবার ‘গ্রুপ অব ডেথে’ পড়তে হলো তাদের। অবশ্য এই গ্রুপে নিজেদের সবচেয়ে দুর্বল ভাবছে জার্মান চ্যাম্পিয়ন বরুসিয়া!ইউরোপের আরেক পরাশক্তি এসি মিলান ‘সি’ গ্রুপে পড়েছে জেনিত সেন্ট পিটার্সবার্গ, আন্ডারলেখট ও মালাগার সঙ্গে। ‘এফ’ গ্রুপে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া, লিল ও বাতে বরিসভ। ‘বি’ গ্রুপে পড়েছে আর্সেনাল, শালকে, অলিম্পিয়াকোস ও মঁপেলিয়ে। গ্রুপ ‘এ’-তে আছে পোর্তো, ডায়নামো কিয়েভ, প্যারিস সেন্ট-জার্মেই ও ডায়নামো জাগরেভ। এএফপি, রয়টার্স।