
চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ। ওল্ড ট্র্যাফোর্ডে আরেক জার্মান দল বায়ার্ন লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়েছে ইউনাইটেড। অন্যদিকে আলিয়াঞ্জ অ্যারেনায় সিএসকেএ মস্কোর বিপক্ষে বায়ার্নের জয় ৩-০ গোলের।
ইউনাইটেডের জয়ে ওয়েইন রুনির অবদান দুই গোল। কালকের জোড়া গোলের মধ্য দিয়ে রুনি ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে চতুর্থ ফুটবলার হিসেবে ২০০ গোলের মালিক হলেন।
রুনির দুই গোলের পাশাপাশি ইউনাইটেডের পক্ষে একটি করে গোল করেছেন রবিন ফন পার্সি আর অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া। লেভারকুসেনের পক্ষে দুটি গোল করেছেন সিমন রুলফস ও ওমর তোপরাক।

খেলার ২২ মিনিটে রুনির গোলে এগিয়ে যায় ইউনাইটেড। প্যাট্রিক এভরার দারুণ এক ক্রস থেকে রুনির ভলি গোললাইনে পড়ে ওপরের জাল স্পর্শ করে। তবে গোলটি নিয়ে কিছুটা বিতর্ক আছে। টেলিভিশন রিপ্লে দেখাচ্ছিল রুনির শট নেওয়ার সময় ভ্যালেন্সিয়া ছিলেন অফসাইডে।
৫৪ মিনিটে সিমন রলফসের গোলে সমতা ফিরিয়ে নিয়ে এসে লেভারকুসেন প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছিল। তবে ৫৯ মিনিটে ফন পার্সি আবারও এগিয়ে নেন ইউনাইটেডকে। ৭০ মিনিটে ওয়েইন রুনির দ্বিতীয় গোল ইউনাইটেডকে এগিয়ে নেয় ৩-১ গোলে। অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া ৭৯ মিনিটে দলের চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করেন। ৮৮ মিনিটে ওমর তোপরাক আরও একটি গোল ফিরিয়ে দিলেও সেটা ছিল সান্ত্বনারই।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ তিন গোলের জয়ে গোল এসেছে তিনজনের কাছ থেকে চার মিনিটে ডেভিড আলবার গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৪১ মিনিটে মারিও মানজুকিচ ব্যবধান দ্বিগুণ করেন। ৬৮ মিনিটে আরিয়েন রোবেনের গোল চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই নিশ্চিত করে বাভারিয়ানদের দারুণ এক জয়। সূত্র: রয়টার্স।