সহজ জয়ে ফাইনালে ভারত

ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ইনিংসের পরই। দ্বিতীয় সেমিফাইনালটাকেও একপেশে বানিয়ে ১৫ ওভার হাতে রেখেই ভারত তুলে নিল ৮ উইকেটের সহজ জয়। আগামী পরশুর ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গী হলো ধোনির দল।সকালে ভারতীয় পেসারদের নিখুঁত লাইন-লেংথ আর সুইং বোলিংয়ে লঙ্কান ব্যাটসম্যানদের জেরবার অবস্থা। সেটা সম্ভব হলো ইংলিশ কন্ডিশনের সৌজন্যেই! এবারের চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে বড় বিস্ময় ছিল এই ইংলিশ গ্রীষ্মেও ভীষণ শুষ্ক উইকেট। কাল ব্যতিক্রম। কার্ডিফে বৃষ্টি হচ্ছিল কয়েক দিন ধরেই, উইকেট বেশির ভাগ সময়ই ছিল ঢাকা। কালও খেলা শুরু হয় আধঘণ্টা দেরিতে। মহাগুরুত্বপূর্ণ টসটা জিতলেন মহেন্দ্র সিং ধোনি। স্যাঁতসেঁতে আবহাওয়ায় উইকেটে মিলল আর্দ্রতা, সিম মুভমেন্ট, সাপের মতো ছোবল দেওয়া বাউন্স, এমনকি স্পিনে মিলল টার্নও! সেই উইকেটে ধুঁকতে ধুঁকতে শ্রীলঙ্কা করল ১৮১।সেই একই উইকেটে ভারতীয়রা ব্যাটিং করল হেসেখেলেই। দারুণ একটি টুর্নামেন্ট কাটানো শিখর ধাওয়ান আবারও পথ দেখালেন। কাল অবশ্য ভাগ্যটাও সহায় ছিল এই বাঁহাতি ওপেনারের। ১৮ রানে স্লিপে ধাওয়ানের ক্যাচ নিতে পারেননি ম্যাথুস। ৬২ রানে আবারও ধাওয়ানকে জীবন দেন বদলি ফিল্ডার সেনানায়েকে। দুবারই দুর্ভাগা বোলার ছিলেন কুলাসেকারা। শেষ পর্যন্ত ধাওয়ান আউট হয়েছেন ৬৮ রানে। এর আগে দলীয় ৭৭ রানের মাথায় রোহিত শর্মা আউট হয়ে যান ৩৩ রান করে। ফিফটি পেয়েছেন বিরাট কোহলিও, অপরাজিত ছিলেন ৫৮ রানে।ম্যাচের শুরুতে ভারতের পেস আর স্পিনের লড়াই হয়েছে দুর্দান্ত। পেসাররা ৩০ ওভারে ৯৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট, স্পিনারদের ২০ ওভারে ৮১ রানে ৪ উইকেট! টস হারার পরই মনে হচ্ছিল, শ্রীলঙ্কার জন্য অপেক্ষা করছে কঠিন সময়। ইংল্যান্ডে এসে খেই না পাওয়া কুশল পেরেরা আবারও ব্যর্থ। তিলকরত্নে দিলশান ভালোই খেলছিলেন, কিন্তু পায়ে টান লাগায় মাঠ ছাড়লেন ফিজিওর কাঁধে ভর দিয়ে। ধৈর্যের পরীক্ষা দিয়েও শেষ পর্যন্ত ইশান্তের তোপে টিকতে পারলেন না সাঙ্গাকারা-থিরিমান্নে। সিমিং উইকেট দেখে কিপিং প্যাড-গ্লাভস খুলে বল হাতে নিলেন ধোনিও। উইকেটও পেয়ে গিয়েছিলেন। দারুণভাবে ভেতরে ঢোকা এক বলে জয়াবর্ধনেকে এলবিডব্লু দিয়েছিলেন আম্পায়ার, তবে রিভিউ নিয়ে বেঁচে যান জয়াবর্ধনে।
ম্যাথুসকে নিয়ে বিপর্যয়টা মোটামুটি সামাল দিয়েছিলেন জয়াবর্ধনে। পঞ্চম উইকেটে ৭৮ রানের জুটি গড়েন দুজন। পেসারদের তোপ সামলালেও ভারতীয় স্পিনাররা আছেন না! জাদেজার বলে জয়াবর্ধনে আউট হওয়ার পরই গতি হারায় লঙ্কান ইনিংস। অশ্বিন-জাদেজা মিলে ১৩ রানের মধ্যে তুলে নেন ৪ উইকেট। শ্রীলঙ্কার দুই শ রান ছোঁয়ার আশাও শেষ হয়ে যায়। ওয়েবসাইট।