সহজ জয় মুশফিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ডের সমীকরণ হয়তো মিলছিল না! নিজেদের মাঠে খেলা, আগের ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হারা বাংলাদেশ নিশ্চয়ই মনোবলেও খাটো থাকবে একটু। না, কাল ম্যাচের শুরুতে এসব পূর্বানুমান খাটল না। উল্টো হেগের মাঠে আহত বাঘের সামনে পড়ে ক্ষতবিক্ষত ডাচ শিবির।লক্ষ্য ছিল ১৪৫। বাংলাদেশ সেটা তুলে ফেলল ২ ওভার হাতে রেখেই মাত্র ২ উইকেট হারিয়ে। দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে। আশরাফুলের জায়গায় দলে আসা জুনায়েদের সঙ্গে তামিম ইকবালের উদ্বোধনী জুটি ৬.২ ওভারে তুলে ফেলে ৪৫ রান। ৩ চার ও ১ ছক্কায় ২৫ করে জুনায়েদের বিদায়ের ১৮ রান পরই আউট সাকিব আল হাসান (১২)। এরপর অধিনায়ক মুশফিকুরের সঙ্গে হার না মানা ৮২ রানের জুটি তামিমের। এই ম্যাচেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ছক্কা হাঁকানো বাঁহাতি ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৩ রানে। ৫৩ বলের ইনিংসটিতে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। ছক্কা মারায় অবশ্য তামিমকে ছাড়িয়ে গেছেন অধিনায়ক মুশফিক। ২৪ বলে ৩৭ করার পথে ৪টি ছয় মেরেছেন বাংলাদেশ অধিনায়ক।টস জিতে ব্যাট করো হল্যান্ড শুরুতেই পড়ে বিপর্যয়ে। শুরুর বিপর্যয় কাটিয়ে অবশ্য হল্যান্ডের স্কোরবোর্ডের চেহারা শেষ পর্যন্ত খারাপ হয়নি। ৭ উইকেট হারিয়ে ১৪৪ টি-টোয়েন্টি একবারের খারাপ নয়। মজার ব্যাপার, হল্যান্ডের খারাপ শুরু আর ভালো সমাপ্তি—দুটিই বাংলাদেশি পেসার মাশরাফি বিন মুর্তজার হাত ধরে। ৩ ওভারের প্রথম স্পেলে ১ মেডেন, ২ উইকেট। রান দিয়েছেন মাত্র ৫টি—হল্যান্ডের শুরুটা মাশরাফিই করে দিয়েছিলেন নড়বড়ে। কিন্তু ইনিংসের শেষ ওভারে এসে ১ ছক্কা ও ২ চারসহ এই মাশরাফিই দিয়ে ফেললেন ১৭ রান!ইউরোপ সফরজুড়েই মাশরাফির বল থেকে আগুন ঝরছে। কাল ম্যাচের শুরুতেই সেই আগুনে পুড়লেন ডাচ ব্যাটসম্যানরা। ইনিংসের পঞ্চম বলে ওপেনার বারেসিকে বোল্ড করে প্রথম আঘাত। নিজের পরের ওভারের দ্বিতীয় বলে কুপারকে বানালেন সাকিবের ক্যাচ। পরের ওভারে সাকিব নিজেও পেলেন একটা উইকেট। তবে ১৪ রানে ৩ ডাচ ব্যাটসম্যানকে ফিরিয়েও বাংলাদেশ দলের খেলোয়াড়দের উৎসবে মাততে দেখা যায়নি। শরীরী ভাষায় তখনো আগের দিনের হারের ক্রোধ। হল্যান্ডকে গুঁড়িয়ে দিলেই যেন মিটবে জ্বালাটা।তবে স্কটল্যান্ডের যেমন ব্যারিংটন ছিলেন, হল্যান্ডের ছিলেন মাইকেল সোয়ার্ট। সাকিবের বলে ডিপ মিড উইকেটে নাসিরের ক্যাচ হওয়ার আগে ৪১ বলে ৫৭ রান, যেটা কিনা ওই মুহূর্তে ছিল হল্যান্ডের রানেরও (১০২/৬) অর্ধেকের বেশি।আর তুলির শেষ আঁচড় দিয়েছেন গ্রুইটার্স ও সিলার। শেষ ১০ বল একসঙ্গে থেকে দুজন মিলে যোগ করেছেন ২২, যার ১৭-ই এসেছে মাশরাফির করা শেষ ওভার থেকে। আজ একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সিরিজের শেষ ম্যাচটা খেলবে দুদল। তবে আজকের ম্যাচটি ইন্টারনেটেও দেখা যাবে না। তথ্যসূত্র: ক্রিকইনফো।