সহজ জয় রিয়ালের
জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ। লা লিগায় গতকাল সোমবার রাতে রায়ো ভায়েকোনোকে ২-০ গোলে হারিয়েছে হোসে মরিনহোর দল। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত পরশু। কিন্তু ফ্লাডলাইট জটিলতার কারণে তা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছিল।রায়ো ভায়েকোনোর বিপক্ষে জয়ের সুবাদে লিগে রিয়ালের জয়-পরাজয় এখন সমান। পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জয়, দুটিতে হার। অন্যটি ড্র। ৭ পয়েন্ট নিয়ে তালিকায় গত মৌসুমের শিরোপাজয়ীদের অবস্থান সপ্তম। অন্যদিকে শিরোপার লড়াইয়ে রিয়ালের প্রধান প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা জিতেছে পাঁচ ম্যাচের পাঁচটিতেই। ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে স্প্যানিশ জায়ান্টরা। এখন পর্যন্ত বার্সার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে রিয়াল।রায়ো ভায়েকোনোর বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। অ্যাঙ্গেল ডি মারিয়ার সহায়তায় খেলার ১৩ মিনিটে গোলটি করেন করিম বেনজেমা। প্রথমার্ধে গোল বলতে এই একটাই। গোল হচ্ছিল না দ্বিতীয়ার্ধেও। তবে খেলার ৭০ মিনিটে হ্যান্ডবলের খেসারত দিতে হয় ভায়েকোনোকে। পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ২-০ করেন রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। এর ঠিক দুই মিনিট পর গোলের ভালো একটা সুযোগ পেয়েছিলেন এই পর্তুগিজ উইঙ্গার। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। রিয়ালের হয়ে ১৫২ ম্যাচে রোনালদোর গোলসংখ্যাও ১৫২।গত সপ্তাহে সেভিয়ার কাছে হারের পর সরাসরি নিজের ফুটবলারদের দায়ী করেছিলেন হোসে মরিনহো। ‘আমার কোনো দল নেই’ বলেও মন্তব্য করেছিলেন রিয়াল কোচ। ভায়েকোনোর বিপক্ষে জয়ের পর গতকাল সংবাদ সম্মেলনে ‘স্পেশাল ওয়ান’ বললেন, ‘খেলোয়াড়দের মানসিকতার সমালোচনা করেছিলাম আমি। তবে আজ দল দলের মতোই খেলেছে। হ্যাঁ, আমরা হয়তো আরও ভালো করতে পারতাম। প্রতিপক্ষ ভালো খেলেছে। ম্যাচটা বেশ কঠিন ছিল।’লিগে নিজেদের দুটি হার নিয়েও কথা বলেছেন, ‘গেটাফে ও সেভিয়ার বিপক্ষে একইভাবে খেললে ওই দুই ম্যাচেও জয় পেতাম আমরা।’ রয়টার্স।