সহজ জয়ে আবারও শীর্ষে বার্সেলোনা

মাঠের বাইরের নানা বিতর্কে কিছুটা টালমাটালই হয়ে আছে বার্সেলোনা। নেইমারের ট্রান্সফার ফি-সংক্রান্ত জটিলতায় সভাপতির পদ থেকে সরেই দাঁড়াতে হয়েছে সান্দ্রো রোচেলকে। তবে এসবের প্রভাব মাঠের খেলায় কিছু বুঝতে দিলেন না মেসি-পেদ্রো-সানচেজরা। মালাগার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় দিয়ে লা লিগার শীর্ষস্থানটা আবারও নিজেদের দখলে নিয়েছে কাতালানরা। সহজ জয় পেয়েছে তাদের অন্যতম প্রধান শিরোপা প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদও। রায়ো ভালেকানোর বিপক্ষে ৪-২ গোলে জিতেছেন ডিয়েগো সিমিওনের শিষ্যরা।
২১ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। সমানসংখ্যক পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের লড়াইয়ে ভালোভাবেই শামিল হয়েছে অ্যাটলেটিকো। আর ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
ন্যু ক্যাম্পে গতকাল শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলেছে বার্সেলোনা। মাঝমাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষকে ভালোই ভুগিয়েছেন জাভি। স্বাগতিকদের বিপদে ফেলে দেওয়ার জন্য পাল্টা আক্রমণের ওপরই ভরসা করতে হয়েছে মালাগার খেলোয়াড়দের। কিন্তু সেই প্রচেষ্টায় খুব বেশি সফল হতে পারেনি তারা।
২২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু তাঁর শটটা চলে যায় গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে। তবে প্রথমার্ধের শেষভাগে আর গোলবঞ্চিত হতে হয়নি বার্সেলোনাকে। জাভির কর্নার থেকে বল পেয়ে মালাগার জালে বল জড়িয়ে দিয়েছেন পিকে। দ্বিতীয়ার্ধে আরেকটি গোলের সুযোগ এসেছিল বার্সেলোনার এই ডিফেন্ডারের। ৫৪ মিনিটে তাঁর একটা হেড ফিরে আসে গোলপোস্টে লেগে। পরের মিনিটেই অবশ্য মেসির পাস থেকে বল পেয়ে বল জালে জড়িয়েছিলেন পেদ্রো। ৬১ মিনিটে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিতই করে ফেলেন আলেক্সিস সানচেজ।
লা লিগার অপর খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদ ৪-২ গোলের জয় পেয়েছে তুরস্কের উইঙ্গার আরডা তুরানের জোড়া গোলে। একটি গোল করেছেন ডেভিড ভিয়া।— রয়টার্স