সহজ জয়ে সমতা ফেরাল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর আগের সেই দুঃস্বপ্নটা জিমি অ্যান্ডারসনের মনে না থেকেই পারে না। ২০০৮ সালের ২০ ফেব্রুয়ারি নেপিয়ারের ম্যাকলিন পার্কে ৩৪০ রান করেও জিততে পারেনি ইংল্যান্ড। জেমি হাউয়ের সেঞ্চুরিতে টাই করে ফেলেছিল নিউজিল্যান্ড। ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের সেই টাই ম্যাচে সবচেয়ে খরুচে বোলার ছিলেন অ্যান্ডারসনই। ইংলিশ পেসার ১০ ওভারে রান দিয়েছিলেন ৮৬। ওই ম্যাচের ঠিক পাঁচ বছর পর গতকাল আবার ম্যাকলিন পার্কে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবার নেপিয়ারের দর্শক দেখল অন্য এক অ্যান্ডারসনকে। আগের ম্যাচেই ইয়ান বোথামকে ছাড়িয়ে হয়েছেন সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট পাওয়া ইংলিশ বোলার। সেই অনুপ্রেরণাকে সঙ্গী করে কাল দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩৪ রান দিয়ে নিলেন ৫ উইকেট। নিউজিল্যান্ডকে ২৬৯ রানে অলআউট করে ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচটা জিতল ৮ উইকেটে। তিন ম্যাচের সিরিজেও এল সমতা। এখন সিরিজ নির্ধারিত হবে ২৩ ফেব্রুয়ারি অকল্যান্ডে। নেপিয়ারের ছোট মাঠে ২৭০ রান এমনিতেই কম। তার ওপর দারুণ ব্যাটিং করলেন চার ইংলিশ ব্যাটসম্যানই। কুক, বেল, ট্রট ও রুটরা পাত্তাই দেননি কিউই বোলারদের। কুক-বেলের উদ্বোধনী জুটিতে আসে ৮৯। ট্রটের সঙ্গে দ্বিতীয় উইকেটে অধিনায়ক এরপর যোগ করেন আরও ৬০ রান। ‘ক্যাপ্টেন’ কুকের বিদায়ের পর ট্রট-রুটের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে আসে ১২১ রান। ৫৬ বলে ইনিংস-সর্বোচ্চ ৭৯ রান করেছেন জো রুট। নিউজিল্যান্ডের মোট রানের অর্ধেকেরও বেশি করেছেন দুই ব্যাটসম্যান রস টেলর ও ব্রেন্ডন ম্যাককালাম। স্বেচ্ছানির্বাসন থেকে ফিরে এসে টেলর পেয়েছেন সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। ১১৭ বলে ঠিক ১০০ রান করার পথে অধিনায়ক ম্যাককালামের সঙ্গে পঞ্চম উইকেটে ৮.৫ ওভারেই ১০০ রানের জুটি গড়েছেন টেলর। টেলরের ঠিক বিপরীত মূর্তি ছিলেন ম্যাককালাম। মাত্র ৩৬ বলেই ৯ চার ও ৪ ছয়ে ৭৪ রান করেছেন এই বিস্ফোরক ব্যাটসম্যান। ৪৫তম ওভারে অধিনায়কের বিদায়ের পরপরই হুড়মুড় করে ভেঙে পড়ে নিউজিল্যান্ড। ২৬ রানেই পড়েছে দলটির শেষ ৬ উইকেট। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড: ৪৮.৫ ওভারে ২৬৯ (ওয়াটলিং ৭, রাদারফোর্ড ১১, উইলিয়ামসন ৩৩, টেলর ১০০, এলিয়ট ২৩, ব্রেন্ডন ম্যাককালাম ৭৪, ফ্র্যাঙ্কলিন ১, নাথান ম্যাককালাম ৭, সাউদি ২, মিলস ৩*, বোল্ট ১; অ্যান্ডারসন ৫/৩৪, ফিন ১/৩৩, ওকস ৩/৬৮, ব্রড ১/৬৯, সোয়ান ০/৬২)। ইংল্যান্ড: ৪৭.৪ ওভারে ২৭০/২ (কুক ৭৮, বেল ৪৪, ট্রট ৬৫*, রুট ৭৯*; মিলস ০/৪৩, বোল্ট ০/৫৫, ফ্র্যাঙ্কলিন ০/৩২, সাউদি ১/৫৪, নাথান ম্যাককালাম ০/৪৬, উইলিয়ামসন ১/৩৯)। ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।