সহজ জয়ের ছক ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনারগাঁও হোটেলের লবিতে ঢুকতেই চোখে পড়ল লাগেজের স্তূপ। একে একে লাগেজ এসে জমছে আরও। কালচে নীল লাগেজের গায়ে সাদা রাজমুকুটের ছবিই বলে দিচ্ছিল সেগুলোর মালিক কারা। কিন্তু ঢাকায় মাত্র একটা দিন থেকেই কোথায় চলে যাচ্ছে ইংল্যান্ড দল? সিরিজ তো এখনো শুরুই হলো না!ইংল্যান্ড দল নয়, শুধু ওই লাগেজগুলোই হোটেল ছেড়েছে কাল। বিসিবি একাদশের বিপক্ষে আজকের প্রস্তুতি ম্যাচের আগের বিকেলেই ইংল্যান্ডের খেলার সরঞ্জাম চলে গেছে ফতুল্লা স্টেডিয়ামে। ক্রিকেটাররা যাবেন আজ সকালে, অনেকটা অন্ধের মতো। ওয়ানডে সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লা স্টেডিয়াম-দর্শন যে ইংলিশ ক্রিকেটারদের জন্য আজই প্রথম! আর বাংলাদেশে আসার কথাও যদি বলেন, ইংল্যান্ডের এই দলের মাত্র দুই ক্রিকেটারেরই এর আগে সেই ‘সৌভাগ্য’ হয়েছে—পল কলিংউড ও এউইন মরগান। ২০০৩ সালের বাংলাদেশ সফরে কলিংউড খেলে গেছেন তিনটি ওয়ানডে। আর মরগান ২০০৮ সালে বাংলাদেশে এসেছিলেন আয়ারল্যান্ড দলের সঙ্গে, তিনটি ওয়ানডে খেলেছেন তিনিও। তবে বর্তমান ইংল্যান্ড দলের কারোরই বাংলাদেশে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।অচেনা বাংলাদেশ এবং আরও অচেনা ফতুল্লা স্টেডিয়াম নিয়ে অবশ্য কাল দুপুরে সোনারগাঁওয়ের পুল ক্যাফেতে আড্ডা জমিয়ে তোলা ইংলিশ ক্রিকেটারদের বিন্দুমাত্র ভাবিত মনে হয় নি। পরশু রাতে ঢাকায় পৌঁছেই ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছিল, কাল অনুশীলন করবে না তারা। প্রস্তুতি ম্যাচের দিন (আজ) সরাসরি মাঠে নামবে। কাল সকালে হোটেলেই ঘণ্টাখানেকের টিম মিটিং সেরে নিজেদের মতো জিম আর সুইমিং করেছেন ক্রিকেটাররা।্রক্রিকেটারদের তো বটেই, বাকি সময়টাতে হালকা মেজাজে পাওয়া গেল দলের সঙ্গে ব্যাটিং পরামর্শক হিসেবে আসা সাবেক অধিনায়ক গ্রাহাম গুচকেও। সোনারগাঁও হোটেলেরই এক স্যুভেনির শপের কর্মচারীর কাছে শেরাটন হোটেলের খোঁজ নিচ্ছিলেন। কী একটা দরকার যেন আছে সেখানে!লম্বা বিমান-ভ্রমণের পর ঢাকায় নেমে হয়তো প্রথম দিনেই বেশি চাপ নিতে চায়নি ইংল্যান্ড দল। কালকের দিনটা সে কারণেই ছুটির মেজাজে কাটানো। কিন্তু দুবাই থেকে ঢাকার বিমানে ওঠার আগে ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাত্কারে ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার যা বলেছেন, তাতে বাংলাদেশ দলের ওজনটা তাদের কাছে খুব বেশি মনে হচ্ছে না। সাকিব আল হাসান যতই ইংল্যান্ডকে অন্তত একটা ওয়ানডেতে হারানোর প্রতিজ্ঞা নিয়ে থাকুন, ইংল্যান্ড কোচ সিরিজের তিনটি ওয়ানডে আর দুটি টেস্টের সবগুলোতেই সহজ জয়ের আশায় রয়েছেন। বাংলাদেশ সফরে ফ্লাওয়ারের জন্য চিন্তা করার মতো যদি কিছু থাকে, সেটা অ্যালিস্টার কুকের হঠাত্ পাওয়া অধিনায়কত্ব এবং সেখানেও তিনি যথেষ্টই আশাবাদী, ‘সবচেয়ে বড় কথা, কীভাবে দলকে নেতৃত্ব দিতে হবে সে বিষয়টা অ্যালিস্টার কুকের কাছে একদম পরিষ্কার।’ইংল্যান্ড দলে আপাতত কুকের অধিনায়ক হওয়াটাই সবচেয়ে আলোচিত। অ্যান্ড্রু স্ট্রাউসকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশ সফরের গুরুত্ব বিবেচনা করেই কুকের হাতে তুলে দেওয়া হয় অধিনায়কত্ব, সহ-অধিনায়ক হিসেবে কেভিন পিটারসেনকেও দেখা যেতে পারে এমন অনুমান যখন চলছে, তখনই পল কলিংউডের নাম ঘোষণা হয় কুকের ডেপুটি হিসেবে। অথচ বাংলাদেশ সফরে তিন ওয়ানডে আর দুই টেস্টে নেতৃত্ব দিতে আসা কুক ২০০৮-এর নভেম্বরের পর ওয়ানডে খেলেননি একটিও। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে টেস্টের ফর্মটাও খুব ভালো যাচ্ছিল না তাঁর। এ অবস্থায় অধিনায়কত্ব কুকের জন্য বাড়তি চাপ হয়ে যায় কি না, দলের সিনিয়র ক্রিকেটারদের তিনি কীভাবে সামলান, আলোচনার বিষয় হয়ে উঠছে সেসবই। যদিও কোচকে কুকের ব্যাটিং নিয়ে নিশ্চিন্তই মনে হচ্ছে, ‘কুক সব সময়ই আরও ভালো করতে চায়। গ্রাহাম গুচের সঙ্গে কয়েকটা দিন বেশ ভালো কাজ করেছে সে। গুচকে অসম্ভব শ্রদ্ধা করে কুক।’ গুচের ক্লাসে কুকের শিক্ষার খণ্ডাংশ কাল সোনারগাঁওয়ের পুলপাড়েও দেখা গেল। টেবিলে খাতা-কলম রেখে ব্যাটিং পরামর্শকের সঙ্গে অনেকটা সময়ই কাটিয়েছেন অধিনায়ক।সে ক্লাসে অবশ্য কন্ডিশন সংক্রান্ত লেকচার না দেওয়ারই কথা গুচের। বাংলাদেশ-দর্শনটা যে প্রথম তাঁর জন্যও!