সহজ ম্যাচ কঠিন করে জিতল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের ৬২ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিল আবাহনী। জয়ের ব্যবধানটা কত বড় করে ঢাকায় ফেরে তিনবারের চ্যাম্পিয়নরা, সেটা নিয়েই চলছিল আলোচনা। কিন্তু সহজ ম্যাচটা কঠিন করে জিততে হলো আবাহনীকে। শেষ পর্যন্ত ফেনী সকারের সঙ্গে তাদের জয়টা ৩-২ গোলে। আর এই জয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে তারাই (৯ ম্যাচে ২০ পয়েন্ট)।ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে সকার ক্লাবের কয়েক হাজার দর্শকের করতালি কোনো কাজে লাগেনি। খেলা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় গোল করেন ইব্রাহিম। ৪৭ ও ৫১ মিনিটে ফ্রাঙ্ক ও রনি গোল করে আবাহনীকে এগিয়ে দেন ৩-০ ব্যবধানে। এরপর দলের সবাইকে যেন পেয়ে বসে গোল করার নেশা। শেষ ডিফেন্ডারটি পর্যন্ত জায়গা ছেড়ে বেরিয়ে এসে গোল করার চেষ্টা করেন। সুযোগটা কাজে লাগিয়ে সৈকত ৬৩ মিনিটে ও অ্যান্টনি ৭৪ মিনিটে দুটি গোল শোধ করে দেন। এরপর অবশ্য সতর্ক হয়ে যায় আবাহনী। বাকি সময়ে আর কোনো ভুল করেনি। তবে খেলোয়াড়দের এমন আচরণে হতাশ কোচ আরদেশির পোরনেমাত, ‘এভাবে স্বার্থপরের মতো গোল করতে যাওয়াটা মোটেও ঠিক হয়নি ছেলেদের। আমি হতাশ।’এই হারে ৯ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আটেই রইল ফেনী।