সহজ ম্যাচ কঠিন করে জিতল ওয়েস্ট ইন্ডিজ

একে কী বলা যায়? অদ্ভুতুড়ে, নাকি রোমাঞ্চকর ম্যাচ! অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে নিউজিল্যান্ডকে হারাল, নিজের চোখে না দেখলে বোঝাই যাবে না, কী অদ্ভুতুড়ে ম্যাচটাই না হলো! লক্ষ্য মাত্র ১৫৭, ওভারপ্রতি চারেরও কম তুলতে হবে। এই সামান্য লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকেই ব্ল্যাক ক্যাপসদের উইকেট বিলিয়ে দিতে শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ!
শেষ পর্যন্ত প্রায় অর্ধেকের সামান্য বেশি ওভার খরচ করেই জিতে গেল ডোয়াইন ব্র্যাভোর দল। ওভারে ছয়ের কাছাকাছি রান তুলে ২৭.৩ ওভারে ম্যাচ জিতে গেল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হারাতে হলো ৮ উইকেট। ১৪৭ রানেই ৮ উইকেট হারিয়েছিল তারা। জয় তখনো ১১ রান দূরত্বে। শেষ পর্যন্ত জয়টা নিশ্চিত করলেন ২৭ বলে ৫ চার ও তিন ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকা ড্যারেন স্যামি।
১৫৭ রান তাড়া করতে গিয়ে ধারাবাহিকভাবে উইকেট পতন হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। দলের ৫ রানের মাথায় মিচেল ম্যাকক্লেনাঘানের বলে পাওয়েল ফিরলেন বোল্ড হয়ে। সেই শুরু। ১০০ রানের আগেই ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ছয় ব্যাটসম্যান মিশে গেল মাটির সঙ্গে। ১৫৭ রানই তখন তাঁদের কাছে ‘বিরাট লক্ষ্য’ হয়ে দাঁড়িয়েছে।
এক পাশ থেকে উইকেট গেলেও ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের যেন ভ্রূক্ষেপই নেই! উইকেট যাওয়ার তালে তালে রানও উঠছে সমান গতিতে। ড্যারেন স্যামি উইকেট পতনের চিত্র ভুলে গিয়ে ব্ল্যাকক্যাপসদের কচুকাটা করলেন। ফলাফল হাতেনাতেই। ১৩৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ। বল বাকি থাকার হিসাবে এটি নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয়দের দ্বিতীয় বৃহত্তম জয়, কিন্তু সেটি মাত্র ২ উইকেট হাতে রেখে। অদ্ভুত জয় নয়তো কী!
সহজ ম্যাচ কঠিন করে দেওয়ার জন্য নিউজিল্যান্ডের বোলারদের, বিশেষ করে ম্যাকক্লেনাঘানকে কৃতিত্ব দিতেই হবে। ক্যারিয়ার সেরা ৫৮ রানে ৫ উইকেট নিয়েছেন এই তরুণ তুর্কি। এ ছাড়া মাইলসের ঝুলিতে পড়েছে দুটি উইকেট।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় নিউজিল্যান্ড। আট ওভার বাকি থাকতে ১৫৬ রানে গুটিয়ে যায় কিউইদের ইনিংস। ৬৬ রানে ছয় উইকেট হারানোর পর নিউজিল্যান্ড যে দেড় শ রানের কোটা পেরোতে পারবে, সেটাও ছিল কল্পনার অতীত! শেষ পর্যন্ত ‘সম্মানজনক’ সংগ্রহে পুরো কৃতিত্ব দুই ম্যাককালাম ভাইয়ের। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও নাথান ম্যাককালামের লড়াকু ব্যাটিংয়ে মান বাঁচালেও ম্যাচ বাঁচাতে পারেনি কিউইরা!