সহজ ম্যাচ কঠিন করে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটু হলেই হতেন খলনায়ক। ৫৮ বলের ইনিংসে বল একবারই বাউন্ডারির বাইরে পাঠাতে পেরেছেন। পরাজয়ের শঙ্কা থেকে দলকে জয় এনে দিল ওই শটটাই—ছক্কা। মহেন্দ্র সিং ধোনি তাই আবারও দারুণ এক ‘ফিনিশার’!আন্তর্জাতিক ক্যারিয়ারে ২১২টি ছয় মেরেছেন। কিন্তু ‘ধোনির সেই ছক্কা’ বললে সবার মনে ভাসবে বিশ্বকাপ ফাইনাল জেতানো ছয়টাই। কিন্তু ধোনি নিজে এগিয়ে রাখছেন কালকের ছয়টাকেই, ‘বিশ্বকাপের ছয়টাও দারুণ ছিল, তবে তখন আমরা সিঙ্গেল নিয়েও জিততে পারতাম। আজকের (কাল) ছয়টা দলকে জেতাতে ভীষণ প্রয়োজনীয় ছিল, এই ছয়টা তাই স্পেশাল।’সমীকরণটা এমন কঠিন করে তুলেছিলেন ধোনি নিজেই। ২৭০ রান তাড়া করা ম্যাচের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে ছিল ভারতের। শেষ ২৪ বলে ৫ উইকেট হাতে নিয়ে প্রয়োজন ছিল ৩১ রান। কিন্তু ধোনির ব্যাটিংয়ে কাল ছন্দ ছিল না মোটেও। এমনকি ৪৯তম ওভারের শেষ দুই বলেও রান নিতে পারেননি। ম্যাচের শেষ ওভারে তাই অস্ট্রেলিয়াই ছিল ফেবারিট, ভারতের প্রয়োজন ছিল ১৩ রান। ধোনির রান তখন ৫৫ বলে ৩৩, বল হাতে ম্যাচের সেরা বোলার ক্লিন্ট ম্যাকাই। প্রথম বলে রান পাননি অশ্বিন। দ্বিতীয় বলে ২ হতে পারত, কিন্তু ১ রান নিয়েই অশ্বিনকে থামালেন ধোনি। বোঝালেন, কাজটা করতে চান নিজেই। পরের বলেই ১১২ মিটার লম্বা সেই ছয়! পরের বলটি ছিল নো, সঙ্গে ২ রান। পরের বলে আবারও ৩ রানে ম্যাচ শেষ।শুধু ছয় নয়, বিশ্বকাপ ফাইনালকে মনে করিয়ে দিয়েছে গৌতম গম্ভীরের ইনিংসও। ওই ম্যাচের মতো কালও নড়বড়ে নব্বইয়ে আউট গম্ভীর। ধোনির ওই ছয় না হলে হয়তো গুরুত্বপূর্ণ সময়ে আউট হওয়ায় খলনায়ক হতেন গম্ভীরই। সেই তিনিই ম্যাচসেরা। অ্যাডিলেড ওভালে ৫ ম্যাচে অস্ট্রেলিয়াকে এই প্রথম হারাল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ রান তাড়া করেও জিতল তারা, আগের সর্বোচ্চ ছিল ১৯৮৬ সালে গ্যাবায় নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫৯ রান তাড়া। সূত্র: ওয়েবসাইট।অস্ট্রেলিয়া হারলেও একটা জায়গায় কাল জিতেছেন পিটার ফরেস্ট, জিতিয়েছেন নির্বাচকদেরও। আহামরি ঘরোয়া রেকর্ড না থাকার পরও ফরেস্টকে দলে নেওয়া অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। প্রথম ম্যাচে অন্তত নির্বাচকদের ‘জহুরি’ প্রমাণ করলেন ফরেস্ট। ৬৬ করেছেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ যেভাবে করেছেন। অভিষেকের অস্বস্তি একটুও ছিল না। বিশাল দুটো ছয় মেরেছেন, কাট শট ও স্পিনে পায়ের কাজ ছিল দেখার মতো। টুর্নামেন্টের তিন ম্যাচে দ্বিতীয় ফিফটি করেছেন ডেভিড হাসি। তবে শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়া তুলেছে মাত্র ৫৭। ক্লার্ক ম্যাচ শেষে বললেন সেটাই, ‘১৫-২০ রান কম হয়ে গিয়েছিল।’ সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৬৯/৮ (ওয়ার্নার ১৮, পন্টিং ৬, ক্লার্ক ৩৮, ফরেস্ট ৬৬, ডেভিড হাসি ৭২, ক্রিস্টিয়ান ৩৯, ওয়েড ১৬, হ্যারিস ২, ম্যাকাই ৩*; যাদব ২/৪৯, বিনয় ২/৫৮, জহির ১/৪৬)। ভারত: ৪৯.৪ ওভারে ২৭০/৬ (গম্ভীর ৯২, শেবাগ ২০, কোহলি ১৮, রোহিত ৩৩, রায়না ৩৮, ধোনি ৪৪*, জাদেজা ১২, অশ্বিন ১*; ম্যাকাই ৩/৫৩, ডোহার্টি ২/৫১, হ্যারিস ১/৫৭)। ফল: ভারত ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: গৌতম গম্ভীর।