একজন একমাত্র ওয়ানডে সেঞ্চুরিটা করেছিলেন নয় বছর আগে, আরেকজন কখনো করতেই পারেননি। কাল আরেকবার কাছে গিয়ে ফিরলেন দুজনই। আক্ষেপ তাই খানিকটা থাকতেই পারে, তবে দিন শেষে তৃপ্তিটাই বেশি হওয়ার কথা। দুজনের ব্যাটিংয়েই যে সিরিজে সমতা ফেরাল দল! ইমরান ফারহাত ও মিসবাহ-উল-হকের দারুণ দুটি ইনিংসের কল্যাণে কাল ডারবানে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারাল পাকিস্তান। সিরিজ এখন ২-২, রোববার বেনোনির ওয়ানডেতেই হবে সিরিজের মীমাংসা।ব্যবধানটা বড় হতে পারত আরও। কিন্তু দক্ষিণ আফ্রিকানদের হার না-মানা মানসিকতা আর পাকিস্তানিদের খামখেয়ালিতে শেষ দিকে কিছু উইকেট পড়ে টপাটপ। সাঈদ আজমল ও শোয়েব মালিকের দুটি চারে পাকিস্তান শেষ পর্যন্ত জিতে যায় ৮ বল আগেই।২৩৫ রান তাড়ায় পাকিস্তান ৩ উইকেট হারিয়েছিল ৩৩ রানের মধ্যেই। ফারহাত-মিসবাহর জুটি সেখান থেকেই দলকে টেনে তুলে নিয়ে আসে জয়ের কাছে। দুজনের ব্যাটে পাকিস্তান যখন অনায়াস জয়ের পথে, হঠাৎই রবিন পিটারসনকে আকাশে তুলে আউট হলেন মিসবাহ (৯৩ বলে ৮০)। ফারহাতের সঙ্গে চতুর্থ উইকেট জুটি ১৫৩ রানের! ওয়ানডেতে সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি ফিফটির মালিকদের তালিকায় মিসবাহর সামনে শুধু অ্যান্ড্রু জোন্স (২৫), ২২তম ফিফটিতে পাকিস্তান অধিনায়ক পেছনে ফেললেন গ্রাহাম থর্পকে (২১)। নয় মাস পর দলে ফেরা ফারহাতের ফিফটি ছুঁতে লেগে যায় ৯৭ বল। তবে পরে খেলেছেন পরিস্থিতির দাবি মিটিয়ে, শেষ পর্যন্ত ফিরেছেন ১৪৪ বলে ৯৩ করে। মাঝে দুই বল খেলে ফিরে গেছেন আফ্রিদিও। তবে অভিজ্ঞ শোয়েব মালিক দলকে নোঙর করান জয়ের বন্দরে (১৯ বলে ১৯*)।পাকিস্তানের জয়ের ভিতটা অবশ্য প্রথম ইনিংসে গড়ে দিয়েছেন বোলাররাই। ম্যাচের প্রথম দুই বলেই মোহাম্মদ ইরফান ফেরান হাশিম আমলা ও কলিন ইনগ্রামকে। ১০ ওভারের মধ্যে দক্ষিণ আফ্রিকা হারায় আরও ২ উইকেট, জুনাইদ ফেরান স্মিথ ও বেহারডিয়েনকে। পঞ্চম উইকেটে এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার গড়েন ১১৫ রনের জুটি। পরে পিটারসন-ম্যাকলারেন দলকে নিয়ে যান ২৩৪ রানে। যে রান সুযোগ দিয়েছে একটু লড়াইয়ের, কিন্তু যথেষ্ট হয়নি জয়ের জন্য। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৩৪/৯ (আমলা ০, স্মিথ ১২, ইনগ্রাম ০, ডি ভিলিয়ার্স ৭৫, বেহারডিয়েন ১, মিলার ৬৭, ম্যাকলারেন ১১, পিটারসন ২৫*, ক্লেইনভেল্ট ১৮, স্টেইন ৯, সতসোবে ৫*; ইরফান ৩/৪৬, জুনাইদ ৩/৪৫, হাফিজ ০/৪০, ওয়াহাব ০/১৬, আজমল ৩/৪২, আফ্রিদি ০/৪৩)।পাকিস্তান: ৪৮.৪ ওভারে ২৩৬/৭ (ফারহাত ৯৩, হাফিজ ০, কামরান ১১, ইউনুস ৬, মিসবাহ ৮০, আফ্রিদি ৪, মালিক ১৯*, ওয়াহাব ০, আজমল ৫*; স্টেইন ১/২৬, সতসোবে ১/৫১, ক্লেইনভেল্ট ১/৫১, পিটারসন ২/৪৬, ম্যাকলারেন ০/৪০, ইনগ্রাম ০/১৭)।ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী।