সহজ ম্যাচ তবু সহজ নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলস দুপুরে শুয়ে ল্যাপটপে হালকা ভলিউমে গান শুনছিলেন জাহিদ হোসেন। পাশের কক্ষে পাওয়া গেল লিগের সর্বোচ্চ গোলদাতা লাকি পলকে। চেয়ারের ওপর তোলা ব্যান্ডেজ বাঁধা ভাঙা ডান পা। দ্বিতীয় তলার কোনার কক্ষে আড্ডায় মেতে রয়েছেন সুজন, প্রাণতোষ, নজরুল, আরমান আজিজরা। ভরদুপুরে আবাহনী ক্লাবে গিয়ে দেখা গেল ফুটবলাররা সব ফুরফুরে মেজাজেই।চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে আজ খেলতে নামার আগে এমন নির্ভার আবাহনী! আসলে বাইরে থেকে যতই নির্ভার লাগুক না কেন, ভেতরে ভেতরে ঠিকই চাপে রয়েছে আকাশি-নীল দলটি।বাস্তবতা হচ্ছে, আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তাপটা এখন খুঁজে পেতে গলদঘর্ম হতে হয়। পাড়ায় পাড়ায় চায়ের দোকানে ঝড় ওঠে না, দুই ভাগ হয়ে যায় না পুরো দেশ। তবু চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের লড়াই বলে কথা!এখন পর্যন্ত লিগে অপরাজিত আবাহনী। ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সবার ওপরে। দুইয়ে মুক্তিযোদ্ধা, ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট। এই ম্যাচ জিতে শিরোপা-দৌড়ে অনেকখানি এগিয়ে যেতে চায় হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। বিপরীতে কয়েক মৌসুম ধরেই অচেনা মোহামেডান এবারও শিরোপা-দৌড়ে নেই। লিগে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম। আজ আবাহনীর সামনে এই মোহামেডানের হারানোর কিছু নেই। তাদের কাছে ম্যাচটা মর্যাদার লড়াই। এতে এতটুকু ছাড় দিতে রাজি নয় সাদা-কালোরা। দলের পুরোনো ও অভিজ্ঞ সৈনিক হাসান আল মামুন যেমন বললেন, ‘আমাদের কাছে এটা সব সময় মর্যাদার লড়াই। এই লড়াইয়ে কেউই হারতে চাইবে না। আমরাও চাইব না।’ কোচ এমেকা ইউজিগোর কথা, ‘মোহামেডান এখানে আন্ডারডগ। ফলে চাপটা থাকবে আবাহনীর ওপর। আমরা বাড়তি সুবিধা নিয়েই নামব। প্রথম পর্বের চেয়ে ভালো বিদেশি নিয়েছি এবার। সঙ্গে আলফাজ যোগ হওয়ায় দলটা ব্যালান্সড। সব মিলিয়ে ভালো ফাইট হবে।’ মধ্যবর্তী দলবদলে আবারও পুরোনো ডেরায় ফেরা অভিজ্ঞ স্ট্রাইকার আলফাজ তাঁর ফেরাটাকে নিচ্ছেন চ্যালেঞ্জ হিসেবেই।আবাহনীর কোচ আলী আকবর পোরমুসলিমির কাছে এই মোহামেডানও সহজ দল নয়, ‘ম্যাচটা কঠিন হবে। তবে আমরা প্রস্তুত। পলের ইনজুরি আমাদের জন্য সমস্যা হবে না। নতুন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডা সিলভাকে খেলাতে পারি।’ তাঁর ধারণা, মোহামেডান অতিমাত্রায় রক্ষণাত্মক খেলতে পারে। প্রথম পর্বে মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আবাহনী। আজকের ম্যাচে জিততে চান এই ইরানি।কোচ পোরমুসলিমি বলছেন বটে, লাকি পল না খেললেও সমস্যা হবে না। তবে বাস্তবতা হলো, পলের অভাবটা ভালোই অনুভব করছে পেশাদার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। উইঙ্গার জাহিদের সঙ্গে তাঁর বোঝাপড়াটা ছিল চমৎকার। জাহিদের মুখেও কাল ঘুরেফিরে এল পলের কথা।ম্যাচটি হবে সন্ধ্যায়, ফ্লাডলাইটের আলোয়। আইস থেরাপি নিতে নিতে আবাহনীর ডিফেন্ডার সুজন বলছিলেন, ‘ফ্লাডলাইটে খেলা হবে, এটা খুবই ভালো সিদ্ধান্ত। এমনিতেই দর্শক আসে না, আমরাও গরমে খেলতে পারি না। দর্শকদের বলব, মাঠে আসুন।’আমন্ত্রণ তো পেয়েই গেলেন, আজ না হয় চলেই আসুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আবাহনী-মোহামেডান দ্বৈরথ দেখতে গিয়ে না হয় হেঁটে এলেন স্মৃতির সরণিতে!