সহজ হবে না আয়ারল্যান্ড সিরিজ
জিম্বাবুয়ের সফরের শুরুটা ভালো না হলেও শেষ দুই ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে যাওয়ার জোর সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। এবার মুশফিকদের পরবর্তী মিশন আয়ারল্যান্ড সফর। কাগজে-কলমে আয়ারল্যান্ডের থেকে এগিয়ে থাকলেও তিন ম্যাচের এই আসন্ন টি-টোয়েন্টি সিরিজ মোটেও সহজ হবে না বলে মন্তব্য করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার শফিউল ইসলাম দলে ফেরায় দলের শক্তি যথেষ্ট বেড়েছে বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক।মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিনের মতো জাতীয় ক্রিকেট দলের অনুশীলন শেষে মুশফিকুর রহিম বলেছেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি আমাদের জন্য মোটেও সহজ হবে না। এ কথা সত্য যে বিদেশে গিয়ে আমরা কখনোই খুব একটা ভালো খেলি না। টি-টোয়েন্টিতে কম ওভারের খেলা বলে এখানে ছোট বা বড় দল বলে কিছু নেই। তিন ম্যাচের সিরিজটি মোটেও সহজ হবে না।’ তবে সাকিব আল হাসান বিশ্রাম শেষে আবার দলে ফেরায় খানিকটা বাড়তি জোর পাচ্ছেন মুশফিক। তিনি বলেছেন, ‘সাকিব আর শফিউল ফেরায় দলের শক্তি বেড়েছে। তামিমের একটু জ্বর রয়েছে, তবে বাকিরা সম্পূর্ণ ফিট। দলের সমন্বয়ও দারুণ।’সিরিজে প্রত্যাশা কী জানতে চাইলে মুশফিক বলেন, ‘জিম্বাবুয়েতে প্রথম ম্যাচের পর থেকে পরের তিনটি ম্যাচে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। আয়ারল্যান্ডেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সিরিজ জেতার আত্মবিশ্বাস অবশ্যই আছে। এবার মাঠে স্কিল দিয়ে তা প্রমাণ করতে হবে। জেতার অন্যতম লক্ষ্য ভালো খেলা।’আজ অনুশীলনের আগে ক্রিকেটারদের সঙ্গে লম্বা এক মিটিং করেছেন প্রধান কোচ রিচার্ড পাইবাস। কোচের সঙ্গে আলোচনা শেষ করে মুশফিক বলেন, ‘তিনি নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। এবার আমরা আরও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করেছি। তিনি একটি বিশে¬ষণ দেখিয়েছেন। এতে কার কোথায় দুর্বলতা সেসব এসেছে, কারও হয়তো কোনো শট বাছাইয়ে সমস্যা রয়েছে মূলত এ ব্যাপারগুলো নিয়েই কথা হয়েছে।’ বাসস।