সহজটাকেই কঠিন মানছেন সাবেলা!
ইংল্যান্ড বা ইতালির দিকে তাকিয়ে তো খুশিতে আত্মহারাই হয়ে যাওয়ার কথা আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলার। ‘ডি’ গ্রুপের মৃত্যু-কূপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য ইংল্যান্ড বা ইতালিকে যেখানে লড়তে হবে দুটি বিশ্বকাপজয়ী দলের বিপক্ষে সেখানে তুলনামূলকভাবে অনেক সহজ গ্রুপেই পড়েছে আর্জেন্টিনা। ‘এফ’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী নাইজেরিয়া, ইরান ও বসনিয়া। খুশিতে আত্মহারা না হলেও ড্র নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন সাবেলা। কিন্তু প্রতিপক্ষ সম্পর্কে এখনো ভালো করে জানেন না বলেই কিছুটা অস্বস্তিতে আছেন আর্জেন্টাইন কোচ। সহজটাই না আবার কঠিন হয়ে যায়!
এর আগের তিনটি বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ সঙ্গী ছিল নাইজেরিয়া। ১৯৯৪, ২০০২ ও সর্বশেষ ২০১০ বিশ্বকাপে। কিন্তু বর্তমান কোচ সাবেলার কাছে নাইজেরিয়ান ফুটবলটা খুব একটা পরিচিত না। এশিয়ার পরাশক্তি ইরান সম্পর্কেও খুব একটা ভালো ধারণা নেই আর্জেন্টিনা কোচের। বিশ্বকাপের নবাগত দল হলেও বসনিয়া সম্পর্কেই বরং কিছুটা জানাশোনা আছে তাঁর। গতকাল গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান শেষে সাবেলা বলেছেন, ‘আমরা সম্প্রতি বসনিয়ার বিপক্ষে খেলেছি কাজেই তাদের সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। কিন্তু ইরান বা নাইজেরিয়া সম্পর্কে কিছুই জানি না। আর তারা আমাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে।’
বিশ্বকাপ শুরু হওয়ার এখনো বেশ কয়েক মাস বাকি আছে। এই সময়ের অনেকটাই হয়তো প্রতিপক্ষ দলগুলোর খুঁটিনাটি জেনে নেওয়ার পেছনে ব্যয় করবেন সাবেলা। তবে ড্র নিয়ে যে সন্তুষ্ট সেটা জানাতে ভোলেননি ৫৯ বছর বয়সী এই কোচ। প্রতিপক্ষ ছাড়াও গ্রুপ পর্বের ম্যাচগুলোর ভেন্যু নিয়েও খুশি সাবেলা। কারণ, ম্যাচগুলো খেলার জন্য সাওপাওলো খুব বেশি পথ পাড়ি দিতে হবে না আর্জেন্টিনার ফুটবলারদের। সাবেলা বলেছেন, ‘আমরা ড্রয়ের ফলাফল নিয়ে খুশি। প্রতিপক্ষ দলগুলো ছাড়াও ভেন্যুগুলোর দূরত্ব ও সেখানকার তাপমাত্রাও আমাদের জন্য সহনীয়। পোর্তো আলেগ্রেতে আমাদের খেলতে হবে দুপুরে। আর সে সময় সেখানকার তাপমাত্রাও খুব বেশি থাকবে না।’