চ্যাম্পিয়নস লিগের খেলায় গতকাল আন্দ্রেস ইনিয়েস্তা ও ডেভিড ভিয়ার গোলে নবাগত ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে বার্সেলোনা। এই জয় দিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে এসি মিলানের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে আছে কাতালানরা। ন্যু ক্যাম্পে গতকাল প্রায় পুরোটা সময়ই বলের দখল ছিল বার্সেলোনার কাছে। বার্সা গোলমুখে একবারও বিপজ্জনক আক্রমণ শানাতে পারেনি প্লাজেন। প্রথমার্ধের ১০ মিনিটে লিওনেল মেসির পাস থেকে খেলার প্রথম গোলটি করেন ইনিয়েস্তা। এরপর আরও কয়েকবার চমত্কার কিছু সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি কাতালানরা। দুবার মেসির জোরালো শট ফিরে এসেছে গোলপোস্টে লেগে। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের ৮২ মিনিটে আরেকটি গোল করে বার্সার জয় নিশ্চিত করেন ডেভিড ভিয়া।বার্সেলোনার সঙ্গে সঙ্গে গতকাল জয় পেয়েছে আর্সেনাল, চেলসি ও এসি মিলানও। অ্যারন রামসির শেষ মুহূর্তের গোলে মার্সেইলির বিপক্ষে আর্সেনাল পেয়েছে ১-০ গোলের ঘাম ঝরানো জয়। বেলজিয়ামের ক্লাব রেসিং জেঙ্ককে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে চেলসি। এসি মিলান বোরিসোভকে হারিয়েছে ২-০ গোলে। রয়টার্স।