সহজেই সেমিতে বায়ার্ন
খুব সহজেই চ্যাম্পিয়নস লিগের সেমিতে নিজেদের নাম লিখিয়ে নিল বায়ার্ন মিউনিখ। মিউনিখে প্রথম লেগে ২-০ গোলে জুভেন্টাসকে হারানোর পর কাল তুরিনেও ব্রেভারিয়ানদের জয়ের ব্যবধান ২-০। কোয়ার্টার ফাইনালে দুই পর্ব মিলিয়ে ৪-০ গোলের ব্যবধান-গড়ে সদ্যই জার্মান লিগ জেতা বায়ার্ন মিউনিখ এখন হাওয়ায় উড়ছে।দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মারিও মানজুকিচ এবং ম্যাচের একেবারে শেষলগ্নে ক্লদিও পিজারোর দুই গোলই নিশ্চিত করে দিয়েছে ১৮ মাস ধরে ইতালীয় সিরি ‘আ’য় রাজত্ব করে যাওয়া জুভেন্টাসের। তুরিনে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচটিতে অবশ্য মানসিকভাবে শক্তিশালী ছিল জুভেন্টাসই। কিন্তু খেলার শুরু থেকে দলটি মানসিক শক্তির কিছুই দেখাতে পারেনি। তাদের আক্রমণে ছিল না কোনো বৈচিত্র্য কিংবা সৃজনশীলতা। তাদের ম্যাড়মেড়ে আক্রমণগুলো ছয় ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগা জয় করা বায়ার্ন মিউনিখকে কোনো সমস্যাতেই ফেলতে পারেনি।২০০৯-১০ সালে জুভেন্টাস এই বায়ার্ন মিউনিখের কাছেই ঘরের মাঠে সর্বশেষ হেরেছিল ৪-১ গোলে। ঘরোয়া ফুটবলে রাজসিক পথচলা থাকলেও ইউরোপীয় মঞ্চে এই জুভেন্টাসকে যে আরও অনেক পথ পাড়ি দিতে হবে, সেটা এবারের চ্যাম্পিয়নস লিগে চোখে আঙুল দিয়ে প্রমাণ করেছে।জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তে স্বীকার করেছেন তাদের দুর্বলতাগুলো। বলেছেন, ‘এই দলটি এখনো গড়ে ওঠার পর্যায়ে রয়েছে। ২০০৬ সালে ম্যাচ পাতানো কেলেঙ্কারি জুভেন্টাসের যে ক্ষতি করেছিল, সেটা কাটিয়ে উঠতে হয়তো আরও কিছু সময় লাগবে আমাদের।’আন্তোনিও বলেন, ‘এবারের কোয়ার্টার ফাইনালের দুটো লেগেই প্রমাণিত হয়েছে, জুভেন্টাস আর আগের অবস্থায় নেই।’ রয়টার্স।