সহানুভূতি আছে, আছে শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়ছেন দিবাকর বিশ্বাস। নিজেকে দাবি করেন আশরাফুলের সবচেয়ে বড় ভক্ত। মন খারাপ করে দুই দিন ধরে বিশ্ববিদ্যালয়েই যাচ্ছেন না। কাল কথা বলার সময়ও কান্নাজড়িত শোনাল তাঁর কণ্ঠ। প্রিয় ‘নায়কের’ শাস্তি অবশ্য চান তিনি। কিন্তু একটা আকুতি, ক্ষমা চাওয়ার পর শাস্তিটা কি কম করা যায় না!

আশরাফুলের সামর্থ্যে বিশ্বাসী অনেকে ব্যাট হাতে শত দুঃসময়েও পাশে থেকেছেন। টানা ব্যর্থতায় আবার মন উঠে গেছে অনেকের। প্রতিভা-সামর্থ্য আর পারফরম্যান্সের হিসাব মেলাতে গিয়ে অনেকেই টানাপোড়েনের মধ্যে, পাশে থাকবেন নাকি থাকবেন না! ম্যাচ পাতানোয় জড়িত থাকার স্বীকারোক্তির পরও আশরাফুলকে নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটামোদীরা। কেউ চান কঠোর শাস্তি, কেউ চান শাস্তি কম হোক, কেউ চান ক্ষমাও।

নরসিংদী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লুৎফুল হায়দার মহিউদ্দিন প্রথম আলোতে একটা লেখা পাঠিয়েছেন। আবেগময় তাঁর ভাষা, ‘আশরাফুলের জন্য চোখ ভিজে যাচ্ছে। এ পানি ক্ষোভের না সহানুভূতির জানি না। শুধু জানি এবং বিশ্বাস করি, অলক্ষ্যে বাংলাদেশের ক্রিকেট কাঁদছে আশরাফুলের “অকালমৃত্যুতে”।’

বাংলাদেশ দলের ফেসবুকভিত্তিক একনিষ্ঠ সমর্থকগোষ্ঠী ‘দৌড়া বাঘ আইলো’র সমন্বয়কারী আহমেদ রিয়াদেরও একই কথা, ‘ব্যাট হাতে আশরাফুলের শত দুঃসময়ে পাশে থেকেছি। এখন মাথায় কিছুই আসছে না। শুধু মনে হচ্ছে, আশরাফুল এটা কীভাবে করতে পারল! বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে চাই, ওর শাস্তি হোক। তবে যেহেতু ক্ষমা চেয়েছে, একজন ভক্ত হিসেবে আমি ক্ষমা করে দিয়েছি। আমার কাছে আশরাফুল মানে এখনো কার্ডিফ, গায়ানা, নটিংহাম। আর আশরাফুলকে বলছি, ‘পারলে নিজেকে ক্ষমা করে দাও।’

ক্ষমা চাওয়াটা মনে দাগ কেটেছে জাতীয় মানবাধিকার কমিশনের চাকরিজীবী কাজী আরফান আশিকের, ‘দেশের মানুষের আবেগের সঙ্গে প্রতারণা করেছে ও, উপযুক্ত শাস্তি অবশ্যই হওয়া উচিত। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এভাবে ক্ষমা চাওয়ার মানসিকতা কজনেরই বা হয়? এ জন্য খানিকটা প্রশংসা ওর প্রাপ্য।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে পত্রিকায় আশরাফুলের স্বীকারোক্তির খবর পড়ছিলেন কয়েকজন। তাঁদের একজন রুম্মান বললেন, ‘দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে অন্যরা এ পথে পা না বাড়ায়।’ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রধান শাহীন রেজা রাসেলের অভিমত, ‘দোষ স্বীকার করার জন্য সে সাধুবাদ পেতে পারে। কিন্তু অপরাধী অপরাধীই। উপযুক্ত শাস্তি চাই।’

প্রথম আলোর অনলাইন সংস্করণেও ছিল মিশ্র প্রতিক্রিয়া। ফাইজা লিখেছেন, ‘আশরাফুলের জন্য খারাপ লাগছে। তার পরও ক্রিকেটের স্বার্থে ওর উপযুক্ত শাস্তি দাবি করছি। ওকে যারা জড়িয়েছে, তাদেরও শাস্তি চাই।’ আশরাফ জাহান লিখেছেন, ‘নিজেকে প্রতারিত মনে হয়েছে। তবে সত্য বলায় এবং অন্যদের মুখোশ খুলে দেওয়ায় প্রশংসা করতেই হয়।’ মোহাম্মদ তাইবুর রহমান টেনেছেন যেন সারমর্ম, ‘বাংলাদেশ ক্রিকেটের পছন্দ ও অপছন্দের নাম আশরাফুল। ক্রিকেটকে কলঙ্কমুক্ত করতে তবু শাস্তি দাবি করছি। শাস্তির আওতায় দেখতে চাই জড়িত অন্যদেরও।’