সহানুভূতিও পাচ্ছেন আনেলকা
খেলোয়াড়দের কাছে তিনি ভালো ছেলে। আর কোচদের কাছে বখে যাওয়া ফুটবলার। আসলে নিকোলাস আনেলকা কী? এই প্রশ্নের সর্বসম্মত কোনো জবাব মিলছে না। শুধু ফ্রান্স দলেই নয়, বিশ্বকাপের অন্যান্য দলেও এখন আলোচ্য বিষয় ফ্রান্সের গৃহবিবাদ। সে প্রসঙ্গে যথারীতি দ্বিধাবিভক্ত খেলোয়াড়-কোচরা।আনেলকার এই চরম দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন তাঁর চেলসি সতীর্থরা। ফরাসি দলের সতীর্থরা যেমন বিবৃতি দিয়ে আনেলকার পাশে দাঁড়িয়েছেন, তেমনই দিদিয়ের দ্রগবা-জন টেরিরাও সমর্থন করছেন আনেলকাকে।দ্রগবা বলছেন, আড়াই বছর ধরে তিনি চেলসিতে যে আনেলকাকে দেখেছেন, সেই আনেলকা দলের প্রতি খুবই নিবেদিত একজন খেলোয়াড়, ‘আড়াই বছর ধরে ও আমার সতীর্থ। আমি অবশ্যই ওর পাশে আছি। এই খারাপ সময়ে আমি ওর সৌভাগ্য কামনা করি। মানসিকভাবে অবশ্য ও খুব শক্ত মানুষ, লড়াকু মানুষ। আমি খুবই বিস্মিত হয়েছি যে ওকে এভাবে বের করে দেওয়া হয়েছে।’আনেলকার পাশে আরও শক্তভাবে দাঁড়িয়েছেন তাঁর চেলসি অধিনায়ক জন টেরি। টেরি বলছেন, বাইরের লোকে যাই বলুক, আনেলকা আসলে ভালো মানুষ, ‘ও চেলসিতে আসার আগে ওকে নিয়ে অনেক নেতিবাচক লেখা পড়েছি। কিন্তু ওর মতো ভালো মানুষ ফুটবলে বেশি পাওয়া যায় না।’ একই সঙ্গে টেরি মনে করছেন, আনেলকাকে বের করে দেওয়াটা একটা ভুল সিদ্ধান্ত, ‘ও যদি কখনো আমাকে কিছু বলতে চায়, আমি অবশ্যই সেটা শুনব। এটা (বের করে দেওয়া) অবশ্যই ভুল সিদ্ধান্ত। কারণ, ও একই সঙ্গে একজন অসাধারণ ফুটবলার।’কিন্তু টেরি-দ্রগবাদের সঙ্গে একমত হচ্ছেন না সুইজারল্যান্ড কোচ ওটমার হেজফেল্ড বা স্পেন কোচ ভিনসেন্ত দেল বস্ক। আনেলকার ব্যাপারে দেল বস্কের নিজেরও কিছু তেতো অভিজ্ঞতা আছে। ১৯৯৯-২০০০ মৌসুমে দেল বস্ক যখন রিয়ালের কোচ, আনেলকাও তখন সেখানে। কোচের কথামতো অনুশীলন করতে অস্বীকৃতি জানানোয় আনেলকাকে ৪৫ দিনের জন্য বহিষ্কার করেছিলেন, সঙ্গে তাঁকে জরিমানাও করা হয়েছিল। দেল বস্ক আনেলকার বর্তমান আচরণের নিন্দা করেছেন, ‘একজন খেলোয়াড় যখন কোচের বিরুদ্ধে বিদ্রোহ করে সেটা নিশ্চয়ই ফুটবলের জন্য ভালো কিছু না। আমরা খেলোয়াড়-কোচ মিলেই একটা পরিবার। আমাদের অবশ্যই সর্বোত্তম পদ্ধতিতে খেলাটিতে অংশ নিতে হবে।’সুইজারল্যান্ড কোচ হেজফেল্ড কিন্তু মোটেও দেল বস্কের মতো শান্ত কণ্ঠে কথা বলছেন না। তিনি বলছেন, যে খেলোয়াড়ই বিদ্রোহ করুক, তাঁকে বের করে দিতে হবে, ‘আমি হলে বিদ্রোহ করা সব খেলোয়াড়কে “বাই বাই” বলে দিতাম। আমার জীবনে অবশ্য এমন কখনো ঘটেনি। কোচ এবং খেলোয়াড়দের অবশ্যই একমত হতে হবে। তা না হলেই আমি বলে দেব, বাই বাই। এখানেই আমার সঙ্গে বাকিদের পার্থক্য।’ এএফপি।