সহিংসতা রুখবেই ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ঘনিয়ে আসছে, বাড়ছে আয়োজনের তোড়জোড়। ঘনীভূত হচ্ছে শঙ্কার মেঘও। সময়মতো অবকাঠামো নির্মাণ শেষ করা নিয়ে শঙ্কা তো আছেই, আয়োজকদের জন্য এটির চেয়েও বড় দুশ্চিন্তার কারণ উঠেছে আইনশৃঙ্খলার বিষয়টি। ফুটবলে সহিংসতা যে ঘটেই চলেছে ব্রাজিলে।
এমনিতে ফুটবলের দেশ ব্রাজিলে ফুটবল মাঠে সহিংসতা নতুন কিছু নয়। তবে গত রোববারের ঘটনাটি ঝঞ্ঝামুক্ত বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয়টা নতুন করে উসকে দিয়েছে। ফিফা তো বটেই, খোদ ব্রাজিলিয়ানরাও এখন উদ্বিগ্ন। ব্রাজিলিয়ান শীর্ষ লিগে মৌসুমের শেষ দিনে মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো প্যারানেন্স ও ভাস্কো দা গামা। ম্যাচে দর্শক হাঙ্গামায় আহত হয়েছেন তিনজন। এর মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। তাঁকে মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয় হেলিকপ্টারে করে।
নৃশংস এই ঘটনায় উদ্বেগের পাশাপাশি ব্রাজিলিয়ানরা একই সঙ্গে সতর্কও। এর পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে ব্যাপারে সবাইকে হুঁশিয়ার করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফ। ওই ঘটনার নিন্দা জানিয়ে ব্রাজিল প্রেসিডেন্ট বজ্রকণ্ঠে উচ্চারণ করেছেন, ‘ফুটবলের দেশে স্টেডিয়ামে সহিংসতা চলতে পারে না। এই সহিংসতা ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের সবারই বিরুদ্ধে গেছে।’ আইনশৃঙ্খলা বাহিনীকেও সতর্ক করে দিয়েছেন ব্রাজিল প্রেসিডেন্ট, ‘স্টেডিয়ামের ভেতরে অবশ্যই পুলিশ থাকতে হবে।’ প্রেসিডেন্টের সুরে সুর মিলিয়েছেন ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী আলদো রেবেলো, ‘এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবশ্যই শাস্তি দেওয়া হবে।’ বিশ্বকাপে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা আন্দ্রেই রদ্রিগেজ প্রতিশ্রুতি দিয়েছেন, ‘বিশ্বকাপের সময়ে এমনটা আর ঘটবে না।’ এএফপি।