সাঁই বাবাকে তাঁর শেষ দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ জয়ের পর এবার ৩৮তম জন্মদিনটা ঘটা করেই পালন করতে চেয়েছিলেন শচীন টেন্ডুলকার। কিন্তু আধ্যাত্মিক নেতা সত্য সাঁই বাবার অসুস্থতার কারণে বাতিল করে দেন জন্মদিনের সব আয়োজন। সেই সাঁই বাবা গত পরশু ঠিক টেন্ডুলকারের জন্মদিনেই শেষনিঃশ্বাস ত্যাগ করলেন! আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের খেলা থাকায় সেদিনই যেতে না পারলেও গতকাল ঠিকই সাঁই বাবাকে জানিয়ে এলেন শেষ শ্রদ্ধা। টেন্ডুলকারের সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলিও।এবারের জন্মদিনে টেন্ডুলকারের পরিকল্পনা ছিল পুনের পুনর্বাসনকেন্দ্রে গিয়ে যুদ্ধাহত সেনাসদস্যদের সঙ্গে কিছু সময় কাটানোর। মুম্বাইয়ের ম্যাচ থাকায় যেতে পারেননি সেখানেও। তবে মুম্বাই থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঙ্গু সৈনিকদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেছেন টেন্ডুলকার।জন্মদিনের আনন্দ, অনুভূতি, আবেগ—সবকিছুই মিশে ছিল দুদিন আগের সেই ভিডিও কনফারেন্সে। সৈনিকদের সঙ্গে নিয়ে টেন্ডুলকারের জন্মদিনের কেক কাটেন পুনর্বাসনকেন্দ্রের চিকিৎসা পরিচালক কর্নেল এসপি জ্যোতি। কেক কেটেছেন টেন্ডুলকারও। সুবেদার ভূপাল চৌধুরী আবৃত্তি করে শোনান টেন্ডুলকারকে নিয়ে নিজের লেখা কবিতা, ‘তুমি বিশ্বকাপ জিতেছ, অন্য সব দেশকে হারিয়ে। টেন্ডুলকার সবাইকে দেখিয়ে দিয়েছে, কে সত্যিকারের সিংহ।’ ভিডিও কনফারেন্সে টেন্ডুলকারের প্রতিক্রিয়ার পর আবেগতাড়িত হয়ে পড়েন ৭৭ বছর বয়সী এই সাবেক সেনাসদস্য, ‘আমি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। বিশ্বাসই করতে পারছিলাম না টেন্ডুলকারের সঙ্গে কথা বলেছি। আমার ভাবনার সঙ্গে তাঁর মিল আছে। স্বপ্ন সত্যি হওয়ার মতো অনুভূতি।’গত বছরই ভারতের বিমানবাহিনীর পক্ষ থেকে টেন্ডুলকারকে ‘গ্রুপ ক্যাপ্টেন’ উপাধি দেওয়া হয়েছে। সেই হিসেবে টেন্ডুলকারও ভারতের সশস্ত্র বাহিনীর একজন। সৈনিক নাইক নাদ্রাম চৌধুরী তাই টেন্ডুলকারকে তাঁদের পরিবারের অংশ হিসেবেই দাবি করলেন, ‘তিনি এখন আমাদের পরিবারেরই সদস্য। আমরা গর্বিত, টেন্ডুলকার আমাদের পাশে আছেন।’ ওয়েবসাইট।