সাঁইত্রিশেও টট্টির নতুন চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সেসকো টট্টি
ফ্রান্সেসকো টট্টি

কবে থামবেন ফ্রান্সেসকো টট্টি? প্রশ্নটা বরং এভাবে করাই ভালো—আর কত বছর খেলবেন রোমার সম্রাট? ২৭ সেপ্টেম্বর ৩৭ পূর্ণ করবেন। এই বয়সে কোনো ফুটবলার সাধারণত অবসরের ঘোষণাই দেন। কিন্তু অবসর নয়, গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর খবর অনুযায়ী টট্টি দুই বছরের জন্য চুক্তি নবায়ন করছেন রোমার সঙ্গে। নতুন চুক্তির ব্যাপারে ক্লাব রোমা ও টট্টি দুই পক্ষই একমত। অপেক্ষা শুধু চুক্তিপত্রে সই করার। সেই আনুষ্ঠানিকতাও এ মাসের শেষে হয়ে যাবে বলেই অনুমান।বর্তমানে সিরি ‘আ’তে খেলা খেলোয়াড়দের মধ্যে টট্টির চেয়ে বেশি বয়সী খেলোয়াড় আছেন আর একজনই, মারিও ইয়েপেস। জানুয়ারিতে আটলান্টার কলম্বিয়ান ডিফেন্ডার পা দেবেন উনচল্লিশে। নতুন চুক্তিটা হলে টট্টি ঢুকে পড়বেন সিরি ‘আ’ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়দের ছোট্ট তালিকায়। কারণ বর্তমান চুক্তির মেয়াদই আছে আরও এক বছর। এর সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়নের মানে ৪০ ছুঁই-ছুঁই বয়সেও খেলবেন।সিরি ‘আ’তে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ডটা মার্কো বাল্লোত্তার। ২০০৮ সালের ১১ মে লাৎসিওর হয়ে সিরি ‘আ’তে সর্বশেষ ম্যাচটি খেলার সময় তাঁর বয়স ছিল ৪৪ বছর ৩৮ দিন। অবশ্য দীর্ঘ ২৫ বছরের সিনিয়র ক্যারিয়ারে বাল্লোত্তা কখনোই ইতালি জাতীয় দলে ডাক পাননি। ৪৯ বছর বয়সী সাবেক এই গোলরক্ষক ইতালির নিচের দিকের লিগে খেলেছেন গত বছর পর্যন্ত! সিরি ‘আ’র সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়দের শীর্ষ চারজনই গোলরক্ষক। গোলরক্ষক বাদে অন্য খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় এসি মিলানের সাবেক ডিফেন্ডার আলেসান্দ্রো কোস্তাকুর্তা। ২০০৭ সালের ১৯ মে সর্বশেষ ম্যাচটি খেলেছেন ৪১ বছর ২৫ দিন বয়সে। বিদায়ী ম্যাচে পেনাল্টি থেকে গোলও করেছিলেন। সিরি ‘আ’র সবচেয়ে বেশি বয়সী গোলদাতার রেকর্ডটিও ওই ৪৭ বছর বয়সীর।

এঁদের রেকর্ডে ভাগ বসাতে হলে টট্টিকে খেলে যেতে হবে নতুন চুক্তি শেষ হওয়ার পরও! সেটা পরের ব্যাপার। টট্টির সামনে এখনই আরেকটা রেকর্ডের হাতছানি। ২২৭ গোল নিয়ে সিরি ‘আ’ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। ২৭৪ গোল নিয়ে তাঁর সামনে কেবল সিলভিও পিওলা। ১৬ বছর বয়সে শুরু করে এক রোমাতেই ২২ বছর কাটিয়ে দেওয়া টট্টি পারবেন পিওলাকে সরিয়ে ‘রোমার সম্রাট থেকে সিরি “আ”র সম্রাট’ হতে? ওয়েবসাইট।